নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান

✍︎ নারায়ণগঞ্জ প্রতিনিধি ✍︎ 

নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান চালিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ফতুল্লায় তার মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ নামে তৈরি পোশাক কারখানায় অভিযানটি পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযানের সময় তাকে পাওয়া যায়নি।

অভিযান চলাকালে কারখানাটি বন্ধ ছিল। পরে শুক্রবার অভিযানের বিষয়টি গণমাধ্যমকর্মীরা জানতে পারেন।

সেলিম ওসমান নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের মেঝ ছেলে। ওই আসনটিতে তার প্রয়াত বড় ভাই নাসিম ওসমান এমপি ছিলেন। তার ছোট ভাই শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ছিলেন।

কারখানাটির এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাতে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি একটি মাইক্রোবাসে করে কারখানার প্রধান ফটকে আসেন। তারা নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের বিষয়ে জানতে চান। তাদের জানানো হয়, প্রায় এক ঘণ্টা আগেই কারখানা ছুটি হয়ে গেছে। ভেতরে কেউ নেই। পরে ডিবির সদস্যরা কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যান।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, কয়েক দিন ধরেই আলোচনা চলছিল সেলিম ওসমান নারায়ণগঞ্জের ফতুল্লায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মাঝে মাঝে আসেন। পুলিশের কাছে খবর ছিল, সেলিম ওসমান ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে এসেছেন। এমন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযানে গিয়েছিলো। কিন্তু সেলিম ওসমানকে পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ  সদস্য ও এনসিপি নেতা আবদুল্লাহ আল আমিন আইন শৃঙ্খলা কমিটির একাধিক সভায় সেলিম ওসমানকে গ্রেফতারের দাবি জানান। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুও বিভিন্ন সময় সেলিম ওসমানের গ্রেফতার দাবি করেছেন। 

২০২৫ সালের ১৬ ডিসেম্বর রাতে সেলিম ওসমানকে গ্রেফতারের উদ্দেশ্যে ফতুল্লা থানা পুলিশ অভিযান চালিয়েছিল। সেবারও তাকে পাওয়া যায়নি।

সেলিম ওসমান নারায়ণগঞ্জের ওসমান পরিবারের সদস্য। বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর ২০১৪ সালের উপ-নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

পরে ২০১৮ ও ২০২৪ সালেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য। তিনি নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর সভাপতির দায়িত্বও পালন করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওসমান পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ সহযোগীদের অনেকে আত্মগোপনে চলে যান। সেলিম ওসমান এখনো দেশে অবস্থান করছেন বলে বিভিন্ন মহলে দাবি করা হলেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *