✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ২০১ জনে।
চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। যেখানে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে মারা গিয়েছিলেন ৯৭ জন। অর্থাৎ শুধু চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু গত ৮ মাসে মৃত্যুর চেয়ে বেশি।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৬৬ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৬৭ হাজার ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৯ জন, ঢাকা বিভাগে ৪০৫ জন, খুলনা বিভাগে ২৮০ জন, বরিশালে ১৭৮, চট্টগ্রামে ৩১৭ জন, ময়মনসিংহে ১১৩ জন, রংপুরে ৫৯ জন, সিলেটে ৮ জন এবং রাজশাহীতে ১৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয় আগস্ট মাসে, ৪৩ জন। আগের মাসে, অর্থাৎ জুলাইয়ে মৃত্যু হয় ৩৬ জনের। আগস্ট মাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজার ৫৩৬। এ মাসে এ সংখ্যা ইতিমধ্যে ৩১ হাজার ৫২১।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি এলাকায় দুজন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছে।
তাদের মধ্যে ৪ জন পুরুষ ও দুজন নারী।
২০২৫ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ৪১৩ জনের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে একলাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।
২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। ২০২৩ সালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছিল ১৭০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০০০ সাল থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ২৬ বছরে ডেঙ্গুতে মৃত্যু হয় ৩০৪০ জনের।
দেশের প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয় ২০০০ সালে। ওই বছর ৫ হাজার ৫৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়, আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়।
২০০০ সালের পরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু ধীরে ধীরে কমে এলেও ২০১৯ সালে ডেঙ্গুতে ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করে দেশ। ২০১৯ সালে ১ লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়, আর মৃত্যু হয় ১৭৯ জনের।
২০২০ সালে করোনার প্রকোপের মধ্যে ডেঙ্গুর সংক্রমণ কম ছিল। ২০২০ সালে ডেঙ্গুতে মারা যায় ৭ জন, ২০২১ সালে ১০৫ জন এবং ২০২২ সালে ২৮১ জনের মৃত্যু হয়।
ঢাকার তুলনায় এর বাইরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২০২৩ সালে ছিল দ্বিগুণের বেশি। সারা দেশের মৃত্যুর ৫৮ শতাংশই ঢাকার দুই সিটি কর্পোরেশনের।
