ডেঙ্গু প্রতিরোধে ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎ 

রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় এবার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিরোধমূলক কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি বিদ্যালয়, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটি গঠন করে কার্যক্রম শুরু করতে হবে।

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত গত ৫ জুলাইয়ের এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে একটি মনিটরিং কমিটি ‘ক্লিন স্কুল টিম’ গঠন করতে হবে। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয় ভবন, শ্রেণিকক্ষ, বারান্দা, ছাদ, ড্রেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, খোলা জায়গা এবং যেখানে পানি জমে এডিস মশার প্রজনন হতে পারে সেসব স্থান নিয়মিত পরিদর্শন ও পরিষ্কার রাখতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরিতে প্রচারণা চালাতে হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহ দিতে পুরস্কারের ব্যবস্থাও রাখতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত মূল্যায়নের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, ‘ক্লিন স্কুল টিম’র সভাপতি থাকবেন প্রতিষ্ঠান প্রধান। সদস্য হিসেবে থাকবেন একজন অভিভাবক প্রতিনিধি, সংশ্লিষ্ট ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শক (সিটি করপোরেশন এলাকায়) অথবা উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি, দুইজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

জেলা প্রশাসন বলেছে, শুধু কমিটি গঠন করলেই দায়িত্ব শেষ হবে না। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। কোনো অবস্থাতেই এডিস মশার প্রজননের সুযোগ রাখা যাবে না।

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবচেয়ে বড় শক্তি হতে পারে সচেতনতা ও পরিচ্ছন্নতা। সে কারণেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য বিষয়ে দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে। বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিজেদের বাড়ি ও আশপাশও যেন তারা একইভাবে পরিষ্কার রাখে, সেটিই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণিকক্ষ, ছাদ, বারান্দা, ড্রেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র এবং যেসব স্থানে পানি জমে মশার লার্ভা জন্ম নিতে পারে, সেসব স্থান নিয়মিত পরিদর্শন ও পরিষ্কার রাখতে হবে। কোনো অবস্থাতেই এডিস মশার প্রজননের সুযোগ সৃষ্টি করা যাবে না।

জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু মোকাবিলা শুধু স্বাস্থ্য বিভাগের একার দায়িত্ব নয় এটি একটি সামাজিক আন্দোলন। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। ‘ক্লিন স্কুল টিম’ কেবল একটি কমিটি নয়, বরং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার একটি ধারাবাহিক উদ্যোগ।

বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়ার প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন এডিস মশার প্রজননস্থল কমবে, অন্যদিকে শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তাও আরও বিস্তৃত হবে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *