হামলার শিকার ডিএনসিসি প্রশাসক ও এমপি

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন উত্তরখানে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর পূর্বে সংঘটিত হামলার স্থান পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬ নম্বর ওয়ার্ডের রাজাবাড়ী এলাকায় অবস্থিত একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে যান ডিএনসিসি প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা।

রোববার (২ আগস্ট) ডিএনসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, সকালে পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনায় দুপুরে ডিএনসিসি প্রশাসক এবং সংসদ সদস্যসহ থানার ওসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে নেপচুন এক্সেসরিজ গার্মেন্টস মালিকপক্ষ পুনরায় দুর্ব্যবহার করেন।

এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ডিএনসিসি প্রশাসক ও এমপির সামনে গার্মেন্টস মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।

হামলায় চারজন গুরুতর আহতসহ ১৫/২০ জন পরিচ্ছন্ন কর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ মালিকপক্ষের একজনসহ তিন ভাড়াটে সন্ত্রাসীকে গ্রেফতার করে নিয়ে যায়। পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশ সদস্যরা অভিযান চালান।

এদিকে, আহত পরিচ্ছন্নতা কর্মীদের দেখতে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল যান প্রশাসক ও এমপি। সেখানে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন তারা।

এ সময় প্রশাসক জানান, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত লেখা:

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *