✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
রাজধানীর মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠিসোঁটা, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। এতে দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।
হামলাকারীরা কার্যালয়সংবলিত ভবনে প্রবেশের চেষ্টা করেন। তবে কাচের দরজা থাকায় তাঁরা ভেতরে ঢুকতে পারেননি। এ সময় ভবনের সামনের কাচের দেয়াল ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশও। ঘটনার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।
কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী বলেন, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য হামলার বিষয়ে তাঁরা সতর্ক ছিলেন। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তাঁরাও ওই ভবনে ছিলেন।
মামুন পাটোয়ারী বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ ও শতাধিক নারী সেখানে এসে হামলা চালান। তাঁরা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাঁরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন। এ সময় পুলিশকে খবর দেওয়া হলেও হামলার বেশির ভাগ ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে বলে অভিযোগ করেন তিনি।
মামুন পাটোয়ারীর দাবি, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করে চালানো হয়েছে। ভবনের আশপাশের অন্য স্থাপনার তুলনায় তাঁদের কার্যালয়েই বেশি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া ভবনে থাকা মিল্টনের ছবিও ভাঙচুর করা হয়েছে। সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর বিষয়টি হামলার পেছনে কারণ হতে পারে বলে মনে করছেন তিনি।
হামলার পর ভবনটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান করছেন। তবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।
