গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

✍︎ গাজীপুর প্রতিনিধি ✍︎ 

গাজীপুর কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকায় দুটি কারখানার কার্টন ও সুতার গুদামে লাগা আগুন প্রায় পৌনে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে গুদাম দুটিতে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়লে সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। সবশেষ আরও ৩টি ইউনিট যুক্ত হয়ে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পথে রয়েছে আরও ১টি ইউনিট।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। কারখানার ভেতরে প্রচুর খালি কার্টন থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান পিএফএম জানান, কাশিমপুরের শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টনের গুদাম ও এর পাশের ডিবিএল গ্রুপের সুতার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিস, সরাবো, ইপিজেড ও চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসসহ নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

তিনি জানান, প্রায় পৌনে চার ঘণ্টার চেষ্টায় দুপুর পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গুদাম দুটি টিনশেডের হওয়ায় এবং পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা তখনো কাজ করছিলেন।

আগুনে গুদাম দুটিতে থাকা কাগজের কার্টন, সুতা ও কাপড় পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *