✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
রাজধানীর বংশাল মুকিমবাজারে হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে একে একে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় রাত ৭টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
এর আগে, রোববার(১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ২ মিনিটে খবর আসে বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিস জানায়, মুকিম বাজার এলাকার ওই ছয়তলা ভবনটির দ্বিতীয় তলায় একটি মোটরসাইকেল হেলমেটের গোডাউন (গুদাম) রয়েছে।সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। প্লাস্টিক ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
