✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করে তিনি এ তথ্য জানান।
পূর্বাচল নতুন শহর প্রকল্পের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে ব্যাপক অবকাঠামো নির্মাণের মহাপরিকল্পনা ঘোষণা করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
তিনি জানান, দ্রুত বর্ধনশীল এই এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪টি নতুন থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে। আইজিপি বলেন, “পূর্বাচলে আইন-শৃঙ্খলা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে।” তিনি আরও জানান যে, পুলিশের অনুকূলে নির্ধারিত ২৯ দশমিক ২১ একর জমির মধ্যে ইতোমধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আইজিপি ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামোর রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, “ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে।” পুলিশের এই শীর্ষ কর্মকর্তার মতে, পরিকল্পিত অবকাঠামো গড়ে উঠলে অপরাধ দমন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দ্রুততম সময়ে সেবা প্রদান করা সম্ভব হবে। পুলিশের এই শক্তিশালী উপস্থিতি পূর্বাচলের টেকসই নগরায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে। আইজিপি বিশ্বাস করেন, আধুনিক পুলিশি ব্যবস্থার মাধ্যমে এই নতুন শহরে অপরাধ নিয়ন্ত্রণ ও নাগরিক সেবা প্রদানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপির মতে, পূর্বাচলে পরিকল্পিত পুলিশি অবকাঠামো গড়ে উঠলে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত সেবা প্রদানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে দ্রুত সম্প্রসারণশীল এই নতুন শহরের টেকসই নগরায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
মো. আলী হোসেন ফকির বলেন, পূর্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন সরকারের দূরদর্শী পরিকল্পনার অংশ। এর মাধ্যমে মেগা সিটি ঢাকার পরিধি যেমন বাড়বে, তেমনি নাগরিক সেবা ও আইনশৃঙ্খলা ব্যবস্থাও আরও সুসংগঠিত হবে। এতে নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।
আইজিপি জানান, পর্যায়ক্রমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে বাকি থানা, তদন্ত কেন্দ্র ও অন্যান্য পুলিশ অবকাঠামোও স্থাপন করা হবে।
