জার্মান পর্যটকের ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার

✍︎ নাটোর প্রতিনিধি ✍︎ 

নাটোর শহরের কাপুড়িয়াপট্টি একটি কাপড়ের দোকান থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের হারানো ল্যাপটপ উদ্ধার করেছে সদর থানা-পুলিশ। চুরি হওয়ার চার দিন পর ল্যাপটপটি উদ্ধার হলেও ব্যাগে থাকা ক্যামেরা পাওয়া যায়নি।

এ ঘটনায় অমল কুমার সাহা (৫৬) ও অন্তর কুমার সাহা (২২) নামে দুই পিতা-পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অন্তর কুমার সাহা নূর ক্লথ স্টোর নামের একটি দোকানের কর্মচারী।

রোববার রাত সাড়ে ১০টায় নাটোর সদর থানায় এক প্রেস বিফ্রিং এ সাংবাদিকদের এ তথ্য জানান নাটোর জেলা পুলিশ সুপার শরীফুল হক। এর আগে রাত পৌনে ৯টায় শহরের কাপুরিয়াপট্টি এলাকার নূর ক্লথ স্টোরের সামনে থেকে ল্যাপটপটি উদ্ধার করে সদর থানা-পুলিশ।

হেফাজতে থাকা বাবা-পুত্রের বরাতে পুলিশ সুপার শরীফুল হক জানান, গত বুধবার ৭ অক্টোবর নাটোর রেলস্টেশন থেকে ক্রিলের ল্যাপটপটি চুরি হয়। পরদিন বৃহস্পতিবার অমল কুমার সাহা নামের এক ব্যক্তি নাটোর থেকে নওগাঁয় নিজ শ্বশুরবাড়ি যাওয়ার পথে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনে একটি সিটের নিচে ক্রিলের ল্যাপটপটি দেখতে পান। পরে তিনি এটা নিয়ে তাঁর শ্বশুরবাড়ি নওগাঁয় চলে যান এবং বিভিন্ন গণমাধ্যমে জার্মান পর্যটকের ল্যাপটপ হারানোর সংবাদ দেখতে পান। পুরো ঘটনাটি তিনি কাপুরিয়াপট্টির নূর ক্লথ স্টোরের কর্মচারী ছেলে অন্তরকে জানান। ছেলে অন্তর বাবাকে জানান বিষয়টি পরে দেখা যাবে।

পুলিশ সুপার বলেন, ‘আজকে (রোববার) তাঁরা (পিতা-পুত্র) নওগাঁ থেকে নাটোরে এসে পৌঁছালে আমরা ম্যাকবুকের লোকেশন শহরের মধ্যে পাই। লোকেশন ট্র্যাক করে কাপুড়িয়াপট্টি এলাকা ঘিরে ফেলে নূর ক্লথ স্টোরের সামনে থাকা অমল সাহার ছেলে অন্তরের থেকে পুলিশ ল্যাপটপটি উদ্ধার করে।’

পুলিশ সুপার বলেন, ‘বর্তমানে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের (পিতা-পুত্র) হেফাজতে নেওয়া হয়েছে। তাঁরা ল্যাপটপটি পাওয়ার বিষয়ে যে দাবি করছে তার সত্যতা যাচাই করা হচ্ছে। তারা এ ঘটনায় সম্পৃক্ত না থাকলে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে।’

পুলিশ সুপার বলেন, যে যুবক ব্যাগটি নিয়েছিলেন বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তাকে আমরা খুঁজে পাইনি। তাকে ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে। তাকে পেলে ক্যামেরা পাওয়া যাবে।

পুলিশ সুপার বলেন, ল্যাপটপ উদ্ধারের বিষয়টি ক্রিল ল্যান্ডার উইবারকে জানানো হয়েছে। এতে তিনি পুলিশ ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন। ল্যাপটপটি যে তার, তা তিনি নিশ্চিত করেছেন। ওনার অন্যান্য যে মালামাল রয়েছে সেগুলোও উদ্ধার আমরা কাজ করছি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এদিকে ল্যাপটপ ও ক্যামেরাসহ পালিয়ে যাওয়া যুবককে ধরিয়ে দিতে সহায়তাকারী ও তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

এসআরবি-৫ সিপিসি-২ সূত্র জানায়, সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তের চেহারা শনাক্ত হওয়ার পর শনিবার রাতে নাটোর ও আব্দুলপুর রেলওয়ে স্টেশনসহ জনবহুল এলাকায় ওই যুবকের ছবি সংবলিত পোস্টার সাঁটিয়েছে এসআরবি। 

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে সান্তাহার হয়ে ট্রেনে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার। এ সময় হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার আগে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান ক্রিল। ফিরে এসে ব্যাগসহ ওই যুবককে আর খুঁজে পাননি তিনি।

চুরি হওয়া ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিল। মালামাল উদ্ধারে বুধবার দিবাগত রাত ১১টার দিকে রাজশাহীতে যান ক্রিল ল্যান্ডার। ওই রাতে রাজশাহী রেলস্টেশনের একটি হোটেলে তার থাকা ও খাওয়ার ব্যবস্থা করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার বেলা আড়াইটা পর্যন্ত তিনি রাজশাহী রেলওয়ে থানায় অবস্থান করেন। তবে তখন তার মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ওই দিন বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় চলে যান তিনি।

এদিকে, ক্রিল ল্যান্ডারকে একটি ম্যাকবুক উপহার দিয়েছেন রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুক্তি মাহমুদ। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ক্রিলের হাতে ম্যাকবুকটি তুলে দেন তিনি।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *