আ.লীগ নিষিদ্ধে প্রয়োজনে সংবিধান সংশোধন 

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎ 

ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের বিচার ট্রাইব্যুনালে হবে কিনা সেটিও খতিয়ে দেখছে সরকার।’

শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, ‘যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত, তাদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। জেন-জি প্রজন্মের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, সেই পথ ধরেই দেশকে এগিয়ে নিতে হবে।’

তিনি বলেন, ‘২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসনের জন্য সংগ্রাম করতে গিয়ে বিরোধী নেতাকর্মীদের নানা নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে। এ সময়ে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে, যেসব ঘটনা ক্রসফায়ার হিসেবে আখ্যায়িত হয়েছিল। সাত শতাধিক সহযোদ্ধাকে গুম করা হয়েছে, যাদের অনেকেই এখনো ফিরে আসেননি। অনেক পরিবার এখনো নিখোঁজ স্বজনের অপেক্ষায় দিন কাটাচ্ছে।’

জুলাই গণঅভ্যুত্থানে জেন-জি প্রজন্ম যে সাহসী ভূমিকা রেখেছে, তা জাতি আজীবন স্মরণ রাখবে বলে উল্লেখ করে তিনি বলছিলেন, ‘১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাত্র ২০-২১ দিনের আন্দোলনে তরুণরা রাজপথে যে সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে, তা অনন্য। এ আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ সহযোদ্ধাকে হারাতে হয়েছে। প্রায় ৩০ হাজার তরুণ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। আবু সাঈদ, মুগ্ধ ও আনাসের মতো তরুণদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।’

অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে নিতে হবে বলে মনে করেন মন্ত্রী। তার ভাষ্য, ‘আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে, গণতন্ত্র ও আইনের শাসনের পথ ধরেই এগিয়ে যাব। জেন-জি প্রজন্ম তাদের ক্ষত, স্বজন হারানোর বেদনা ও সহযোদ্ধাদের আত্মত্যাগ ভুলে যায়নি।’

সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে

বিরোধী দলের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার দুপুরে রংপুরে একটি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন করে ভাবার সময় এসেছে। যে সংবিধান সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটা করবে।’

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত যৌক্তিক ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের কাছে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা ও গুমের মাধ্যমে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। একটি নির্দিষ্ট জেলায় আবারও একই ধরনের ঘটনা ঘটিয়ে তারা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হয়েছে। অন্তর্বর্তী সরকার তাদের নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা যে সঠিক ও যৌক্তিক ছিল, আজ জাতির সামনে তা আবারও প্রমাণিত হলো।’

গোপালগঞ্জ প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ‘একটি জেলার মানুষ যদি মনে করে তাদের থানা প্রয়োজন নেই, তাহলে সরকার তা রাখবে না।’

সারা দেশে অগ্নিসন্ত্রাসের অভিযোগ নাকচ করে প্রতিমন্ত্রী দাবি করেন, ‘দেশের একটি নির্দিষ্ট জেলায় অগ্নিসন্ত্রাস হচ্ছে। সারা দেশে অগ্নিসন্ত্রাসের যেসব ভিডিও ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়; এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। তবে সরকার মানবিক ও ধৈর্যশীল হলেও ধৈর্যের বাঁধ ভেঙে গেলে প্রয়োজনে বল প্রয়োগ করবে।’

এদিন রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ এবং ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ এবং জেলা পরিষদের প্রশাসক সাফফুল ইসলাম।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *