✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
৬৪ জেলায় সরকারের কার্যক্রম দেখভালের দায়িত্ব পেয়েছেন ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ হুইপরা। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও উন্নয়ন কার্যক্রম দেখভাল করবেন। কেউ একটি, কেউ দুই থেকে তিনটি জেলার দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এতে বলা হয়, বিগত সরকারের আমলে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য বরাদ্দ করা অর্থ ব্যাপক দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। এ ধরনের অনিয়ম বন্ধে এমন পদক্ষেপ নিয়েছে সরকার।
লুটপাটের মাধ্যমে অর্জিত অর্থের একাংশ বিদেশে পাচার করা হয়েছে। এসব অর্থ দেশের অভ্যন্তরে মাদকসহ সামাজিক অবক্ষয়, অস্থিতিশীলতা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কাজে ব্যবহৃত হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতি নির্মূল নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক দায়িত্ব বলেও এতে উল্লেখ করা হয়েছে।
সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর কর্তৃত্বে বা তার কর্তৃত্বে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতাবলে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে—উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।
কে কোন জেলার দায়িত্বে
ইকবাল হাসান মাহমুদকে রাজশাহী ও নাটোর; আবু জাফর মো. জাহিদ হোসেনকে লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়; আবদুল আউয়াল মিন্টুকে লক্ষ্মীপুর; নিতাই রায় চৌধুরীকে চুয়াডাঙ্গা এবং হবিগঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার আবদুল মুক্তাদিরকে।
আরিফুল হক চৌধুরী মৌলভীবাজারের দায়িত্বে। মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে চট্টগ্রাম; এম রশিদুজ্জামান মিল্লাতকে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা; আসাদুল হাবিব দুলুকে ঠাকুরগাঁও ও দিনাজপুর এবং খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের দায়িত্ব দেওয়া হয়েছে মো. আসাদুজ্জামানকে।
জাকারিয়া তাহেরকে ফেনী ও নোয়াখালী; সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলকে মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ; সাচিং প্রুকে কক্সবাজার ও টাঙ্গাইল এবং নরসিংদীর দায়িত্ব দেওয়া হয়েছে মো. শরীফুল আলমকে।
পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির দায়িত্ব দেওয়া হয়েছে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে। হাবিবুর রশিদকে গাজীপুর ও নারায়ণগঞ্জ; মো. রাজীব আহসানকে বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর এবং রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে মীর শাহে আলমকে।
ফারজানা শারমিন সিরাজগঞ্জ ও পাবনা; শেখ ফরিদুল ইসলাম যশোর, মাগুরা ও নড়াইল; ইয়াসের খান চৌধুরী জামালপুর ও কিশোরগঞ্জ এবং বরিশাল, ভোলা ও ঝালকাঠির দায়িত্ব পেয়েছেন আহমেদ সোহেল মঞ্জুর।
মোহাম্মদ শামীম কায়সারকে জয়পুরহাট ও নওগাঁ; মো. জি কে গউছকে সিলেট ও সুনামগঞ্জ; মিয়া নূরুদ্দিন আহম্মেদকে রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুরের দায়িত্ব দেওয়া হয়েছে এ বি এম আশরাফ উদ্দিনকে (নিজান)।
দায়িত্বপ্রাপ্তদের কার্যপরিধি
প্রজ্ঞাপনে জেলাগুলোর দায়িত্বপ্রাপ্তদের কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেগুলো হলো—
এতে বলা হয়, ১, সরকার তথা মন্ত্রিপরিষদ দেশে উন্নয়ন, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং জাতীয় নিরাপত্তাসহ রাষ্ট্র পরিচালনার সব কার্যাবলির জন্য সমষ্টিগতভাবে জাতীয় সংসদ ও জনগণের কাছে দায়বদ্ধ।
২. টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূল নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক জরুরি কর্মসূচি।
৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৫ (২) অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা আছে, প্রধানমন্ত্রীর কর্তৃক বা তার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা।
৪. রুলস অব বিজনেসের চেপ্টার ৫ এর রুল ৩৩-অনুযায়ী প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে, যেকোনও ক্ষেত্রে বা ক্ষেত্রসমূহে এই রুলস থেকে বিচ্যুতির অনুমতি দিতে বা তা মঞ্জুর করতে পারেন।
৫. রুলস অব বিজনেসের চেপ্টার ১-এর রুল ৪(ii) এবং চেপ্টার ২-এর রুল ১৬(ix) (ই) এবং রুল ১৬(xii)- অনুযায়ী উল্লিখিত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে মন্ত্রিসভায় আলোচিত হয়েছে এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
৬. মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রিট পিটিশন মামলা নং ৩৫১২/২০০৩-এর রায়ের মর্মমতে এ ধরনের দায়িত্ব বণ্টন সরকারের এখতিয়ারের মধ্যেই পড়ে।
৭. স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ এবং অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার আইনগত ক্ষমতা খর্ব না করে সংবিধান প্রদত্ত প্রধানমন্ত্রীর উল্লিখিত ক্ষমতা এবং রুলস অব বিজনেসের বিধান অনুসরণপূর্বক মন্ত্রিসভার উল্লিখিত সিদ্ধান্তের আলোকে, সরকার নিম্নবর্ণিত মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা নিম্নলিখিত জেলা/জেলাসমূহের আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দিল।’
সরকার বলছে, এসব দায়িত্ব দেওয়ার ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠান বা অন্য কোনো সাংবিধানিক কিংবা আইনগত সংস্থার আইনগত ক্ষমতা খর্ব হবে না।
