পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎ 

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এই ঘোষণা দেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। ওই বৈঠকশেষে রোববার মজুরি বোর্ড গঠন করার বিষয়টি জানিয়েছিলেন তিনি। 

তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ ও ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগের দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। রোববার রাজধানীর মিরপুর এবং গাজীপুরে পোশাকশ্রমিকরা রাস্তা অবরোধ করেছেন। মিরপুরে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা চালালে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। 

গতকাল শনিবারও মিরপুর, সাভার ও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও বিভিন্ন কারখানা-মার্কেটে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, শ্রমিকদের অন্যতম প্রধান দাবি ছিল নতুন মজুরি বোর্ড গঠন। সরকার ও পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এ বিষয়ে একমত হয়েছে। শ্রমিক প্রতিনিধিরাও তাদের মনোনীত সদস্যদের নাম জমা দিয়েছেন। আজকের মধ্যেই বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি হবে।

তবে বোর্ড গঠনের প্রক্রিয়া চূড়ান্ত থাকা সত্ত্বেও একটি মহল সরকারের বিরুদ্ধে অস্থিতিশীলতা তৈরি ও জনদুর্ভোগ সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে শ্রমিকদের রাজপথে নামিয়ে আন্দোলন অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বিচারপতি শেখ আসফাকুর রহমানকে চেয়ারম্যান করে গঠিত ৬ সদস্যের ন্যূনতম মজুরি বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন—

নিরপেক্ষ সদস্য: ড. মোসলেহ উদ্দিন আহমেদ (অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)

মালিকপক্ষের প্রতিনিধি: আসিফ আইয়ুব (যুগ্ম মহাসচিব, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন চেম্বার)

শ্রমিকপক্ষের প্রতিনিধি: আনোয়ার হোসেন (সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল)

এতে গার্মেন্টস শিল্পের প্রতিনিধি হিসেবে রয়েছেন—

মালিকপক্ষের প্রতিনিধি: শামসুদ্দিন (পরিচালক, বিজিএমইএ)

শ্রমিকপক্ষের প্রতিনিধি: বাবুল আক্তার (সাধারণ সম্পাদক, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন)।

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *