ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত, দুর্ভোগে সাধারণ মানুষ

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎  

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়ায় অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

সকাল ৯টা থেকে রাজধানীর ইসিবি চত্বর, পল্লবী, আগারগাঁও ও শাহবাগ এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সড়কে বাসের সংখ্যা স্বাভাবিক থাকলেও যাত্রীর চাপ ছিল অস্বাভাবিক। প্রতিটি বাস স্টপেজে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই যাত্রীদের হুড়োহুড়ি করে উঠতে দেখা যায়। অনেকেই কয়েকটি বাস ছেড়ে দিয়েও উঠতে পারেননি। বাসের ভেতরেও ছিল উপচে পড়া ভিড়।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের গতি ছিল ধীর। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে অনেকেরই নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লেগেছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আজ সারা দিনই রাজধানীতে বৃষ্টি হতে পারে। আগামীকাল সোমবারও (১৩ জুলাই) রাজধানীতে বৃষ্টি হতে পারে। তবে মাঝে রাতের দিকে বৃষ্টি একটু কম হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিভাগীয় পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে চলমান বৃষ্টিজনিত ভোগান্তি আজও অব্যাহত থাকতে পারে।

এদিকে দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি পূর্বাভাসে জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

সকাল ৯টায় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান আছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *