✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমে বাড়তে পারে তাপমাত্রা।
এদিকে, নদ-নদীর পানি বেড়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (২ মে) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান স্বাক্ষরিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ জেলার নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকলেও আগামী তিন দিন অতিভারী বৃষ্টির ফলে তা বাড়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতের ফলে তৃতীয় দিনে কুশিয়ারা নদীর পানি কোথাও কোথাও প্রাক-মৌসুমী বিপদসীমা অতিক্রম করতে পারে, যার ফলে সিলেট ও সুনামগঞ্জের হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার সৃষ্টি হতে পারে। একই অববাহিকার সারিগোয়াইন ও যাদুকাটা নদীর পানিও আগামী তিন দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে নেত্রকোনার ভুগাই-কংস ও সোমেশ্বরী অববাহিকার নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় কিছুটা কমলেও এখনও তা প্রাক-মৌসুমী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকলেও নেত্রকোনার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকার শঙ্কা রয়েছে। এছাড়া নেত্রকোনার মগরা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সেখানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
ধনু-বাউলাই অববাহিকার ক্ষেত্রে দেখা গেছে, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলায় পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বাউলাই নদীর খালিয়াজুড়ি পয়েন্টে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পানি প্রাক-মৌসুমী বিপদসীমা অতিক্রম করতে পারে, যার ফলে নেত্রকোনার নিম্নাঞ্চলে নতুন করে বন্যার সৃষ্টি হতে পারে।
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার পরিস্থিতি আরও সংকটাপন্ন হওয়ার পূর্বাভাস মিলেছে। মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। এর মধ্যে খোয়াই ও জুড়ি নদীর পানি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই প্রাক-মৌসুমী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং মনু নদীর পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে। এতে মৌলভীবাজারের হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যার সৃষ্টি এবং হবিগঞ্জ জেলায় বিদ্যমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
শনিবার (২ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, শনিবার (২ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার থাকবে, যা অস্থায়ী দমকা হাওয়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
রোববার (৩ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এসময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার (৪ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের বিস্তৃতি কিছুটা পরিবর্তন হয়ে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা পুনরায় সামান্য বাড়তে পারে।
বুধবার (৬ মে) সন্ধ্যা ৬টা থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এসময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় জানানো হয়েছে, বৃষ্টির প্রবণতা কমে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
