এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎

২০২৬ সালের এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় দুই দিন বাড়িয়ে ২৬ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

গত ২৩ নভেম্বর উত্তরপত্র পুন:নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের পর যে সকল পরীক্ষার্থী এখনও এক বা দুই বিষয়ে অকৃতকার্য রয়েছে সেকল পরীক্ষার্থী এবং পূর্বে ফর্ম পূরণ করতে পারেনি এমন পরীক্ষার্থী (যারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য) উপরোক্ত সময়ের মধ্যে ফর্ম পূরণ করতে পারবে।

উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফর্ম পূরণের কাজ সম্পন্ন করবেন।

গত ৩০ অক্টোবর ফলাফল প্রকাশ উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে নেওয়া হবে।

বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে পরের বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে।

ফল বিশ্লেষণে দেখা গেছে, এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন শিক্ষার্থী। আর দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সব মিলিয়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫। এ ছাড়া সব মিলিয়ে মোট অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৯৪ হাজার ১১৩।

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছেন মাত্র ৫২ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী। গত ২২ বছরের মধ্যে এটি সর্বনিম্ন পাসের হার।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সর্বশেষ ২০০৪ সালে পাসের হার ছিল ৪৮ শতাংশ।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২.১২ শতাংশ। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। গতবছর গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ। 

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।  

এবার ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন এবং পাসের হার ৫৬.৩১ শতাংশ। অন্যদিকে ছাত্রদের মধ্যে পাস করেছে ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন এবং পাসের হার ৪৭.৭৫ শতাংশ।

তবে এবার জিপিএ-৫ বেশি পেয়েছে ছাত্ররা। মোট জিপিএ-৫ ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থীর মধ্যে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ১৯ হাজার ৭২১ জন ছাত্রী।

চলতি বছর ঢাকা বোর্ডে পাসের হার ৬১.৮০ শতাংশ। রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ। কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ। যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪.৯২ শতাংশ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২.০৭ শতাংশ। বরিশাল বিভাগে পাসের হার ৪৪.৮৪ শতাংশ। সিলেট বিভাগে পাসের হার ৫০.৯০ শতাংশ। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.৯৮ শতাংশ এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ। 

এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ।  

এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।  

এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী অংশ নেন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *