✍︎ নাগরিক নিউজ ডেস্ক ✍︎
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাত্র এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন।
শুক্রবার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয়েছিল, বিশিষ্ট অতিথির সংবর্ধনা অনুষ্ঠানের মহড়ার কারণে শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে এই শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে চেঞ্জ অব গার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না।’
তবে তারেক রহমানের নয়াদিল্লি সফর নিয়ে এখনো নয়াদিল্লি বা ঢাকা—কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এরই মধ্যে প্রকাশের প্রায় এক ঘণ্টা পর বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন।
বেলা ৩টার দিকে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে পাঠানো নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।
ভারতে রাষ্ট্রীয় সফরে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কূটনীতিকদের সম্মান জানাতে রাষ্ট্রপতি ভবনে বিশেষ সামরিক ও কূটনৈতিক আয়োজনের ঐতিহ্য রয়েছে। ভবনের ফোরকোর্টে আয়োজিত এসব অনুষ্ঠানে তিন বাহিনীর সমন্বয়ে ‘গার্ড অব অনার’, জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।
মূল অনুষ্ঠানের আগের দিন এর পূর্ণাঙ্গ মহড়াও অনুষ্ঠিত হয়ে থাকে। এ ছাড়া সফররত শীর্ষ নেতার সম্মানে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আয়োজন করারও রীতি রয়েছে।
