✍︎ নাগরিক নিউজ ডেস্ক ✍︎
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি আবার বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী কেন্দ্রীয় সামরিক কমান্ড।
লেবাননে ইসরায়েলের হামলাকে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করে হরমুজ বন্ধ করেছে ইরান।
এক বিবৃতিতে খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স বলেছে, ‘‘সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। শত্রুর প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়া হিসেবে এই প্রথম এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।’’
‘‘যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে শত্রুকে তার বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করতে পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।’’
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হলেও লেবাননের কোনও ভূখণ্ড দখল করার যেকোনও ইসরায়েলি প্রচেষ্টাকে প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না।
এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, গত রাতে দক্ষিণ লেবাননের নাবাতিয়াহর কাছাকাছি এক এলাকার দিকে অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা।
শুক্রবার রাত থেকে শুরু এবং আজ পর্যন্ত চলমান ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র সমালোচনা করেছে হিজবুল্লাহ। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি বলেছে, শুক্রবার সন্ধ্যা থেকে তারা যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে আসছিল, এমনকি ইসরায়েল একেবারে প্রথম মুহূর্ত থেকে এটি লঙ্ঘন করার পরও।
হিজবুল্লাহ বলেছে, তবে শত্রুর প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার ইতিহাসের কথা মাথায় রেখে তারা সম্পূর্ণ সতর্ক এবং যেকোনও জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে।
‘‘ইসলামী প্রতিরোধ আন্দোলন ঘোষণা করছে, যুদ্ধবিরতি মেনে চলার পাশাপাশি শত্রুর যেকোনও ভূখণ্ড দখল এবং দখলদারিত্ব সম্প্রসারণের প্রচেষ্টাকে রুখে দিতে দ্বিধা করবে না।’’
প্রসঙ্গত, যুদ্ধের অবসানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে লেবাননে স্থায়ী যুদ্ধবিরতির কথা উল্লেখ থাকলেও সেখানে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। এর প্রতিবাদে শান্তি চুক্তি বাস্তবায়নে গতকাল শুক্রবার সুইজারল্যান্ডে মার্কিন আলোচকদের সঙ্গে নির্ধারিত বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানি প্রতিনিধি দল। ফলে শেষ মুহূর্তে বৈঠকটি বাতিল করা হয়েছে এবং আলোচনার সময়সূচী নিয়ে নতুন অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
পরবর্তীতে গতকাল শুক্রবার (১৯ জুন) বিকালে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিন স্থানীয় সময় বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকরও হয়। তবে সেই যুদ্ধবিরতি ভেঙ্গে কয়েক ঘণ্টা পরই ফের হামলা শুরু করে দখলদার ইসরায়েল।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা- ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, যুদ্ধবিরতির সত্ত্বেও শনিবার ভোর থেকে দেশজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিত মানুষ।
