✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
রাষ্ট্রায়ত্ত জনতা ও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে বেসরকারি ব্যাংকের দুই শীর্ষ কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর মধ্যে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলমকে জনতা ব্যাংক এবং যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদকে অগ্রণী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদাকে বেসিক ব্যাংকের এমডি হিসেবে নিয়োগের জন্য সরকারের সম্মতি দেওয়া হয়েছে। এ ছাড়া সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আগের আদেশ প্রত্যাহার করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ফলে তিনি সোনালী ব্যাংকের এমডি পদে বহাল থাকছেন।
অন্যদিকে যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদকে অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের নিমিত্ত মনোনয়ন দেওয়া হয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে ‘ব্যাংক কোম্পানি আইন-১৯৯১’ অনুযায়ী তাঁদের নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ পদে বেসরকারি ব্যাংকের অভিজ্ঞ কর্মকর্তাদের এভাবে নিয়োগের সিদ্ধান্তকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এর মাধ্যমে বেসরকারি ব্যাংকিং খাতের অভিজ্ঞতা ও ঝুঁকি ব্যবস্থাপনার দক্ষতা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনায় কাজে লাগানোর সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা।
অন্য একটি চিঠিতে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদাকে বেসিক ব্যাংক পিএলসির এমডি ও সিইও পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের নিমিত্ত মনোনয়নে সরকারের সম্মতি দেওয়া হয়েছে। এ ক্ষেত্রেও ‘ব্যাংক কোম্পানি আইন-১৯৯১’ অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সোনালী ব্যাংকের এমডি মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে ১৯ অক্টোবর দেওয়া আদেশটি প্রত্যাহার করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সোমবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগের ওই আদেশ এতদ্বারা প্রত্যাহার করা হলো। ফলে শওকত আলী খান সোনালী ব্যাংকের এমডি ও সিইও পদে বহাল থাকছেন।
