✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এ হামলায় দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরসহ অন্তত পাঁচজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোন আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য জামায়াতের এক জ্যেষ্ঠ নেতাকে সামনে আনা হলে কয়েকজন নেতা-কর্মী উপস্থিত সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন নেতা-কর্মী সাংবাদিকদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় দৈনিক সকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক মাহফুজুর রহমান শিশির আহত হন।
ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের দাবি, হামলায় মাহফুজুর রহমান শিশিরের মুখে আঘাত লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। ঘটনাস্থল থেকে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
এ ছাড়া মারধরে আহত হন কালবেলার সংবাদকর্মী আব্দুর রহমান ইশান ও যমুনা টিভির রিপোর্টার রাব্বী সিদ্দিকীসহ কয়েকজন। পরে ঘটনাস্থলে থাকা অন্য সাংবাদিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মিডিয়া বিভাগের পরিচালক আশরাফ ইমন বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
তাঁর দাবি, মিছিল শেষে দ্রুত কর্মসূচি শেষ করার জন্য কয়েকজন সাংবাদিক চাপ দিচ্ছিলেন। তখন বোঝা যাচ্ছিল না কে সাংবাদিক আর কে নয়। তারপর বাকবিতণ্ডা থেকে মারধরের ঘটনা ঘটে। এজন্য জামায়াত দুঃখ প্রকাশ করছে। সেই সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, সেখানে বাকবিতণ্ডা হয় এবং তখনই সেটা নিষ্পত্তি হয়ে যায় বলে শুনেছি। কেউ আহত হয়ে থাকলে দুঃখজনক। আমি এ বিষয়ে খোঁজ নিচ্ছি।
