জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

জুলাই মাসে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৬ জন আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ২০৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৪ জনে।

গত এক দিনে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৫৩ জনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৩১০ জনে।

এদিকে, চলতি বছর মাসের হিসাবে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে জুলাইয়ে। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যু ছিল ডেঙ্গুতে। মে মাসে মৃত্যু হয় একজনের। জুনে মৃত্যু হয় ১৩ জনের। মার্চ ও এপ্রিলে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর।

এ ছাড়া, চলতি মাসে ৯ হাজার ২০৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগের মাসে অর্থাৎ জুন মাসে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। অন্যদিকে জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিল ৬৪০ এবং মে মাসে ডেঙ্গু শনাক্ত হয় ৭১৪ জনের।

আগস্টে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২০২৫ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ৪১৩ জনের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে একলাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। ২০২৩ সালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছিল ১৭০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০০০ সাল থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ২৬ বছরে ডেঙ্গুতে মৃত্যু হয় ৩০৪০ জনের। 

দেশের প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয় ২০০০ সালে। ওই বছর ৫ হাজার ৫৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়, আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়।

২০০০ সালের পরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু ধীরে ধীরে কমে এলেও ২০১৯ সালে ডেঙ্গুতে ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করে দেশ। ২০১৯ সালে ১ লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়, আর মৃত্যু হয় ১৭৯ জনের।

২০২০ সালে করোনার প্রকোপের মধ্যে ডেঙ্গুর সংক্রমণ কম ছিল। ২০২০ সালে ডেঙ্গুতে মারা যায় ৭ জন, ২০২১ সালে ১০৫ জন এবং ২০২২ সালে ২৮১ জনের মৃত্যু হয়।

ঢাকার তুলনায় এর বাইরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২০২৩ সালে ছিল দ্বিগুণের বেশি। সারা দেশের মৃত্যুর ৫৮ শতাংশই ঢাকার দুই সিটি কর্পোরেশনের।

সম্পর্কিত লেখা:

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *