✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
জুলাই আন্দোলনের সময় হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ব্যবসায়ী শওকত আলী চৌধুরী বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ঢুকে গভর্নরের সঙ্গে বৈঠক করেন। এসময় বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা বিভাগের কর্মীদের মাধ্যমে তাকে কড়া নিরাপত্তা ও প্রটোকল দিতে দেখা গেছে। কিন্তু কেন এই বৈঠক, কে সাক্ষাৎ চেয়েছিলেন এবং কী নিয়ে আলোচনা হয়েছে, তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
বৈঠকের আগে সাংবাদিকরা হত্যা মামলা, বেনামি শেয়ার এবং যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ২৫ মিলিয়ন ডলারের উৎস নিয়ে একের পর এক প্রশ্ন করলেও কোনো উত্তর দেননি শওকত। অপেক্ষমান সাংবাদিকদের এড়াতে বৈঠক শেষে তিনি বাংলাদেশ ব্যাংকের পেছনের গেট দিয়ে বেরিয়ে যান।
একই দিনে বিদেশে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে তদন্ত কর্মকর্তা নিয়োগের মাধ্যমে শওকতের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাছাড়া, ৮ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি তদন্ত চালাচ্ছে দুদক।
শওকত বিতর্কিত প্রতিষ্ঠান এস এন কার্পোরেশন’র চেয়ারম্যান। তিনি আওয়ামী ঘনিষ্ট বিতর্কিত ব্যবসায়ী চৌধুরী নাফিজ সারাফাত ও পতিত আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের ব্যবসায়ীক পার্টনার।
রাজধানীর বাড্ডা থানায় ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের সময় মাদ্রাসাশিক্ষক হাফেজ মো. মাসুদুর রহমান হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনি ৫৪ নম্বর আসামি। মামলাটি ২০২৪ সালের ৯ নভেম্বর দায়ের করা হয়। এই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা আসামি রয়েছেন। এমন অবস্থায় হত্যা মামলার একজন এজাহারভুক্ত আসামি কীভাবে দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে সরাসরি বৈঠকের সুযোগ পেলেন সে নিয়ে চলছে আলোচনা সমালোচনা।
এদিকে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে শওকতের বিরুদ্ধে নিজের, পরিবারের সদস্য এবং বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে ইস্টার্ন ব্যাংকের ২০ শতাংশের বেশি শেয়ার নিয়ন্ত্রণের অভিযোগ উঠে এসেছে। এ নিয়ে গত ১৫ অক্টোবর হাইকোর্টও রুল জারি করেছেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে শওকতের নামে-বেনামে ২০.৪৮ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণের তথ্য উঠে আসে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, একজন ব্যক্তি বা পরিবারের ব্যাংকে শেয়ার নিয়ন্ত্রণের সর্বোচ্চ সীমা ১০ শতাংশ।
এছাড়া, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি শওকতের প্রায় ২৫ মিলিয়ন ডলার শনাক্ত করে এবং অর্থটি সাময়িকভাবে আটকে রেখেছিল। পরে সেই অর্থ উদ্ধারে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে হাইকোর্টও প্রশ্ন তুলেছেন এবং দুর্নীতি দমন কমিশনকে অভিযোগ নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনার আলোকে দুদক সম্প্রতি তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে।
গভর্নরের সঙ্গে বৈঠকের উদ্দেশ্য কী এবং গভর্নর তাকে ডেকেছেন, নাকি তিনি নিজেই সাক্ষাৎ চেয়েছেন কি না- বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় শওকতের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। এছাড়া, হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও জামিন ছাড়া তিনি কীভাবে প্রকাশ্যে চলাফেরা করছেন এবং গভর্নরের সঙ্গে বৈঠকে কোনো নিয়ন্ত্রক সুবিধা বা অন্য কোনো বিষয়ে দেনদরবার হয়েছে কিনা জানতে চাইলেও তার থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
শওকতের বিরুদ্ধে ইস্টার্ন ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণে অনিয়মের অভিযোগও রয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে তার নিজের, পরিবারের সদস্যদের এবং বেনামি প্রতিষ্ঠানের নামে ব্যাংকটির ২০ শতাংশের বেশি শেয়ার নিয়ন্ত্রণের তথ্য উঠে এসেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে শওকতের নামে-বেনামে ইস্টার্ন ব্যাংকের ২০ দশমিক ৪৮ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণের অভিযোগ পাওয়া যায়। অথচ ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো ব্যক্তি বা তার পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে একটি ব্যাংকের সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণ করতে পারেন।
এ ঘটনায় গত ১৫ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেন। শেয়ার নিয়ন্ত্রণের এই অভিযোগ এবং এর মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার বিষয়ে জানতে চাইলেও সাংবাদিকদের কোনো জবাব দেননি শওকত।
শওকতের বিদেশে অর্থ রাখার বিষয়টি নিয়েও প্রশ্ন রয়েছে। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) তার প্রায় ২৫ মিলিয়ন ডলারের সম্পদ শনাক্ত করে এবং তা সাময়িকভাবে আটকে রাখে। পরে ওই অর্থ উদ্ধারে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্ট। একই সঙ্গে অভিযোগটি নিষ্পত্তির জন্য দুদককে নির্দেশ দেন আদালত।
আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দুদক তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছে। বুধবার এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরুর তথ্যও সামনে আসে।
