বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (৭ জুলাই) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যসহ সব দেশে আমাদের শ্রমবাজার খুলে যাবে। খুলে গেছে অলরেডি (ইতোমধ্যে)। মালয়েশিয়ায় গতকাল (সোমবার) খুলে গেছে। জাপান, কোরিয়া (দ. কোরিয়া), মরিশাস, ওমান, সৌদি আরব…ইনশাহআল্লাহ।’

ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর গত মাসে মালয়েশিয়ায় প্রথম বিদেশ সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে দেশেটির প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

২০২৪ সাল থেকে মালয়েশিয়ায় জনশক্তির বাজার বন্ধ বাংলাদেশের জন্য। ওই বছর মালয়েশিয়া সরকার ঘোষণা করেছিল, আগে থেকে অনুমোদন পাওয়া বাংলাদেশের কর্মীদের ৩১ মে’র মধ্যে দেশটিতে যেতে হবে। এরপর কর্মী ভিসায় আর কেউ সেখানে ঢুকতে পারবেন না। ওই তারিখের পর থেকে আর কোনো কর্মী যেতে পারেননি দেশটিতে।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০০৮ সালে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। পরে ২০১৬ সালে তা পুনরায় চালু হলেও ২০১৮ সালে আবারও নিয়োগ বন্ধ করা হয়। ২০২২ সালের আগস্টে নতুন করে কর্মী যাওয়া শুরু হলেও ২০২৪ সালের ১ জুন থেকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার আবারও বন্ধ হয়ে যায়। এরপর দুই দেশের মধ্যে বিভিন্ন শর্ত শিথিলের বিষয়ে আলোচনা চলছিল।

এদিকে, ২০২৪ সালে মালয়েশিয়ায় যেতে না পারা ৭ হাজার ৮৭৩ জন কর্মীকে পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি সংস্থা বোয়েসেলকে। এখন পর্যন্ত তাদের মধ্যে প্রায় ৩ হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে পেরেছেন। বাকি কর্মীদের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরকারের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশের বিষয়টি গুরুত্ব পায়। দুই দেশের আলোচনার পর আইনি জটিলতা নিরসনের মাধ্যমে শ্রমবাজার পুনরায় চালুর সিদ্ধান্ত এসেছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *