কালশী এলাকায় বস্তির আগুন ২ ঘণ্টায় নিয়ন্ত্রণে

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা ভয়াবহ আগুন ২ ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে। পানির সংকট থাকলেও ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।

তালহা বিন জসিম জানান, সোমবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও ইউনিট গিয়ে যুক্ত হয়। একে একে যোগ দেয় ১৫টি ইউনিট। সবগুলো ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি বলেন, কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণ করতে পানির সংকটে পড়তে হয় ফায়ার সার্ভিসকে। দূরবর্তী বিকল্প উৎস থেকে পানির ব্যবস্থা করা হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে।

এর আগে মিরপুর ১১ নম্বরের কালশী এলাকায় একটি বস্তিতে সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও পাঁচটি ইউনিট। তবে দুর্ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।

সন্ধ্যায় আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

আনোয়ারুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এরপর যায় দুটি ইউনিট। বর্তমানে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আনোয়ারুল ইসলাম দোলন আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *