এক মাসে হাম ও উপসর্গ নিয়ে ১৯৮ শিশুর মৃত্যু

𓂃✍︎  নাগরিক প্রতিবেদক 𓂃✍︎

হাম ও উপসর্গ নিয়ে গত এক মাসে সারা দেশে ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৩২টি শিশুর। আর হাম সন্দেহে অর্থাৎ হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৬৬ শিশু।

একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩৯৮টি শিশু এবং হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭৩ শিশুর।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১ শিশুর। এ সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৭৬টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩০ শিশু। এর পরই আছে রাজশাহী বিভাগ। এখানে হাম ও হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৫৬ শিশু। মৃত্যু হয়েছে ৬৭ জনের। সবচেয়ে কম আক্রান্ত হয়েছে রংপুর বিভাগে। এ বিভাগে ৬৪৪টি শিশু হাম ও হাম সন্দেহে আক্রান্ত হয়েছে এবং এখানে গত এক মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *