✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, তিনি সম্পূর্ণ ‘সজ্ঞানে ও স্বেচ্ছায়’ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ। ইতিমধ্যে জাতীয় সংসদ সচিবালয় তাঁর আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপনও জারি করেছে।
স্পিকারকে দেওয়া পদত্যাগপত্রে ফেরদৌসী আহমেদ মিষ্টি লিখেছেন, ‘মাননীয় স্পিকার, আমি ফেরদৌসী আহমেদ, ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। অতএব, বিনীত প্রর্থনা এই যে আমার পদত্যাগপত্রটি গ্রহণ করে পদত্যাগ কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।’ এর বাইরে পদত্যাগপত্রে আর কিছু লেখেননি ফেরদৌসী আহমেদ।
সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাঁর পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নারী আসন-২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী উক্ত তারিখে শূন্য হয়েছে।
স্পিকার বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি আজ আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন। সংবিধানের বিধান মোতাবেক পদত্যাগ করা মাত্র তাঁর আসনটি শূন্য হয়ে গিয়েছে। আমরা এটি গেজেট করার জন্য পাঠিয়েছি। গেজেট এলে অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেব। আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হলো।’
ব্রিফিংয়ে স্পিকার আরও বলেন, সংসদের বিধান হলো, এমপিরা যখন পদত্যাগ করেন, তাঁরা কোনো কারণ উল্লেখ করেন না।
ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০। সংবিধান অনুসারে, জাতীয় সংসদে দলগুলোর সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। বিএনপির মনোনয়নে এবার ৩৬ জন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়েছেন। গত ৩০ এপ্রিল সংরক্ষিত নারী সংসদ সদস্যদের গেজেট হয়। আর ৩ মে তাঁরা শপথ নেন। এ হিসাবে পাঁচ মাসের মধ্যে সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
