✍︎ মোহাম্মদ সুবাইল বিন আলম ✍︎
একাত্তরের মাঝখানে একটা বাহিনী ছিল, যার কথা পাঠ্যবইয়ে প্রায় নেই। তার নাম মুজিব বাহিনী, আনুষ্ঠানিক নাম বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ)।
মুক্তিযুদ্ধের সময় নভেম্বরের শেষে ভারতের সহায়তায় প্রশিক্ষণ শেষ করেছিলেন ৮৩ হাজার মুক্তিযোদ্ধা। হ্যা, মুজিব বাহিনীর ট্রেনিংই শেষ হয়েছে নভেম্বরে। এখন একটা প্রশ্ন করা উচিত: কার কমান্ডে, কার কাছে জবাবদিহি, আর কার উদ্দেশ্যে।
ভারতের থিংক ট্যাংক অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) লিখেছে, যুদ্ধের প্রথম কয়েক মাসের মধ্যেই কলকাতায় ‘র’-এর স্টেশন প্রধানের পরামর্শে নয়াদিল্লি শেখ মনির নেতৃত্বে একটা বিকল্প বাহিনী গড়ার সিদ্ধান্ত নেয়। এই বাহিনীর নেতারা তাজউদ্দীনকে পছন্দ করতেন না। আস্থা রাখতেন শুধু ‘র’-প্রধান আর এন কাওয়ের ওপর, আর ‘র’ দিল্লিতে তাঁদের পক্ষেই তদবির করত। শ্রীনাথ রাঘবনের মতো ইতিহাসবিদেরাও একাত্তরে দিল্লির কৌশলগত হিসাব নিয়ে বিস্তারিত লিখেছেন।
মেজর জেনারেল সুজন সিং উবান ছিলেন এর দ্বায়িত্বে। তাঁকে আগে ‘র’-এর অধীনের স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের নেতৃত্বে বেছে নেওয়া হয়েছিল। তিনি ছিলেন মিজো আর নাগা বিদ্রোহ দমনের বিশেষজ্ঞ। দেরাদুনের পাহাড়ে প্রায় ১০ হাজার সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে ‘র’। উবানের লক্ষ্য ছিল এক লাখ।
মুজিব বাহিনীতে নেওয়া হতো মূলত আওয়ামী লীগ আর ছাত্রলীগের বাছাই করা কর্মীদের। সাধারণ মুক্তিযোদ্ধার জন্য দেরাদুনের দরজা খোলা ছিল না।
মুজিব বাহিনীকে তুলনামূলক ভালো অস্ত্র দিয়েছিল ‘র’। প্রশিক্ষক, ক্যাম্প, অস্ত্র, সবই যেখানে ‘র’-এর, সেখানে খরচটা কে দিত, তা অনুমান করতে কষ্ট হয় না।
বাহিনী গঠন আর প্রশিক্ষণের কথা মুজিবনগর সরকারকে জানানো হয়নি বলে জানা যায়। বাহিনীটি সরকারের প্রতি আনুষ্ঠানিক আনুগত্যও ঘোষণা করেনি। ওসমানীর কমান্ডের বাইরে, তাজউদ্দীনের নিয়ন্ত্রণের বাইরে। শুধু তা-ই না, মেজর জেনারেল এ টি এম আবদুল ওয়াহাব লিখেছেন, ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান জেনারেল অরোরাকেও না জানিয়ে উবান মুজিব বাহিনীর সদস্যদের দেশের ভেতরে পাঠাতেন। এতে দ্বৈত কমান্ডের সংকট তৈরি হয়, অরোরা এই বাহিনীকে নিজের কমান্ডে আনতে চাপ দিয়েছিলেন।
ওআরএফের ভাষায়, মুজিব বাহিনীর কাজ ছিল স্বাধীন বাংলাদেশে যেন একটা “আর্মি লবি” দাঁড়াতে না পারে, সেটা ঠেকানো। বাংলাদেশের বিশ্লেষকেরা লিখেছেন, বাহিনীটিকে দেখা হতো তাজউদ্দীন সরকার আর বামপন্থীদের ঠেকানোর হাতিয়ার হিসেবে। ভারতীয় লেখক সুমন্ত বন্দ্যোপাধ্যায় লিখেছেন, রিক্রুটদের বলা হয়েছিল পাকিস্তানি সেনার বদলে বামপন্থী গেরিলাদের ঘাঁটিতে হামলা করতে, মাওবাদী ধারার দলগুলোও ছিল সেই নিশানায়। সমালোচকদের মতে বড় লক্ষ্যটা ছিল আরও সোজা: স্বাধীন বাংলাদেশ যেন দিল্লির প্রভাববলয়ের বাইরে যেতে না পারে।
মুক্তিবাহিনী আর মুজিব বাহিনীর একসাথে লড়ার আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি। দুই বাহিনীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, কোথাও কোথাও সংঘর্ষের অভিযোগও আছে। সুমন্ত বন্দ্যোপাধ্যায় ভারতে প্রশিক্ষিত আর দেশের ভেতরের গেরিলাদের এই টানাপোড়েনকে বলেছেন “টার্ফ ওয়ার”।
মুজিব বাহিনীর সদস্য জয়নাল আবেদিন তাঁর বইয়ে লিখেছেন, ভারতীয় হ্যান্ডলাররা তাঁদের দেখত বন্ধু হিসেবে না, এজেন্ট হিসেবে।
একাত্তরের মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছিলেন, মুজিব বাহিনী মুক্তিযুদ্ধ করেনি। মুক্তিবাহিনীর উপপ্রধান এ কে খন্দকার তাঁর বই “১৯৭১: ভেতরে বাইরে”-তে এই বাহিনীর বিরুদ্ধে উচ্ছৃঙ্খলতা আর লুটপাটের অভিযোগ তুলেছিলেন। সেই বইয়ের জন্য তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছিল।
একে খন্দকারের বইয়ে উনি নিজে লিখেছেন, মুজিব বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধ করা নিয়ে যতটা না আগ্রহী ছিলেন, তারচেয়ে বেশি আগ্রহী ছিলেন যুদ্ধপরবর্তী তাদের ভূমিকা নিয়ে।
মুজিব বাহিনীকে মিশিয়ে দেওয়া হয় জাতীয় রক্ষীবাহিনীতে। মানবাধিকার লঙ্ঘনের জন্য সেই বাহিনী কুখ্যাতি পেয়েছিল। নাম বদলেছে, ধারাটা থেকে গেছে।
২০২৫ সালে রাষ্ট্র মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের স্বীকৃত বাহিনীর তালিকা থেকে মুজিব বাহিনীর নাম বাদ দিয়েছে। মানে শুধু এই বাহিনীর সদস্য হওয়ার সুবাদে আর রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধার পরিচয় মেলে না।
এই বাহিনীর লোকদেরকেই কিন্তু এস এস উবান বলেছেন শ্যাম’স বয় (ভারতীয় সেনা প্রধান শ্যাম। এরা মুজিব বয় না)
যাঁদের নিজেদের সদস্যই বলছেন যে হ্যান্ডলাররা তাঁদের এজেন্ট ভাবত, মুজিব বাহিনীর সেই লোকদের তাই বিশ্বাস করতে গেলে চিন্তা করা উচিত।
স্বাধীনতার ৫৫ বছর পর অন্তত এই সত্যটা বলা যায়: সব অস্ত্রধারী মুক্তিযোদ্ধা ছিলেন না, আর সব প্রশিক্ষণ মুক্তির জন্য ছিল না।
লেখক: বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও উন্নয়ন খাতের একজন পেশাজীবী, প্রকৌশলী
