✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন ও বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা শেষে এ কথা জানান কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) তোজাম্মেল হক।
পরিদর্শনকালে পল্লী বিদ্যুতের একটি কারিগরি দল বাড়িটির বৈদ্যুতিক মিটার, প্রধান সংযোগ লাইন এবং অভ্যন্তরীণ তারের সংযোগ পরীক্ষা করে।
তোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, তারা ঘটনাস্থলের বৈদ্যুতিক সংযোগ ও সার্কিটগুলো নিবিড়ভাবে পরীক্ষা করেছেন। প্রাথমিক পর্যবেক্ষণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক লাইন ও মিটারের অবস্থা দেখে এটিকে বৈদ্যুতিক দুর্ঘটনা বলে মনে হচ্ছে না।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে যৌথ টিমের সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যান। এ সময় টিমের সদস্যরা পুড়ে যাওয়া বাড়িটি ঘুরে দেখেন। পরে তারা প্রত্যক্ষদর্শীদের বয়ান লিপিবদ্ধ করেন।
তদন্ত কমিটি সূত্রে জানা যায়, এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের ৪ সদস্যের কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদকে সদস্যসচিব করা হয়ে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল দেলওয়ার হোসেন।
শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে কমিটির সদস্যরা নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া পুরোনো পারিবারিক বাড়িটি ঘুরে দেখেন। পরে তারা প্রত্যক্ষদর্শীদের বয়ান লিপিবদ্ধ করেন।
আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে জানান কমিটি প্রধান।
কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল দেলোয়ার হোসেন বলেন, আমরা বিভিন্ন ব্যক্তিদের বয়ান, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দিসহ বিভিন্ন সরকারি সংস্থার সহায়তা নিয়ে কাজ করছি।
তিনি আরও বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামিদের গ্রেফতারে মাঠে দুইটি টিম কাজ করছে।
এদিকে, এ অগ্নিকাণ্ডের ঘটনায় এমপি নুসরাত তাবাসসুম নিজে বাদী হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় দৌলতপুর থানায় একটি মামলা করেছেন। মামলায় নিষিদ্ধ সংগঠন যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবকলীগের ৮ শীর্ষ নেতাকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার দিবাগত মধ্যরাতে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি ও তার পরিবারের দাবি পতিত আওয়ামী লীগের লোকজন তার বাড়িতে পেট্রোল বোমা হামলা করায় এ অগ্নিকাণ্ড হয়।
এদিকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারের জবাবে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেছিলেন, স্থানীয় ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সবার সঙ্গে আলোচনা এবং আলামত মূল্যায়ন করে প্রাথমিকভাবে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এমনকি কোনো সাক্ষীও পেট্রোল বোমা ব্যবহারের কোনো তথ্য দেননি। ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় এবং ইলেকট্রিক ওয়্যারিং দুর্বল থাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেও এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এটি সম্পূর্ণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা সম্ভব হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছিলেন, পরিত্যক্ত বা কম ব্যবহৃত ওই বাড়িতে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় ছিল, যা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি ছাগল মারা গেছে। এ ঘটনায় ইতোমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ সে অনুযায়ী তদন্ত চালিয়ে যাচ্ছে। এর পেছনে কেউ নাশকতামূলক কোনো কর্মকাণ্ড চালিয়ে থাকলে অধিকতর তদন্তে তা প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে শুক্রবার সংবাদিকদের এমপি নুসরাত তাবাসসুম বলেন, আমি এখনো মনে করি এই ঘটনাটি আ. লীগের কুকীর্তি। আওয়ামী লীগের পক্ষ থেকে দায় স্বীকারের দাবি, ঘটনাটি নিয়ে উল্লাস প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করার ঘটনাগুলো দেখে আমার বিশ্বাস, এটি তাদেরই কাজ।
তিনি বলেন, গতকাল থানায় এজাহার দিয়ে মামলা করার সময় একজন আসামির অবস্থান, তার মোবাইল নম্বরসহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) জানিয়েছিলাম। আশা করেছিলাম, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাব। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি।
নুসরাত তাবাসসুম আরও বলেন, কোনো দুর্ঘটনা কিংবা নাশকতার ঘটনা ঘটলে কীভাবে ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তদন্তের মূল গুরুত্ব হওয়া উচিত সেসব বিষয়। কিন্তু সেদিকে গুরুত্ব না দিয়ে বাড়িটি কাঁচা নাকি পাকা, পরিত্যক্ত কি না, সেখানে মানুষ বসবাস করতেন কি না, তারা কোন শ্রেণি-পেশার মানুষ, এমনকি সেখানে গরু নাকি ছাগল থাকত এসব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এ ধরনের আলোচনার আমি নিন্দা জানাই।
তিনি আরও বলেন, কোনো ধরনের তদন্ত শেষ হওয়ার আগেই জাতীয় সংসদে দাঁড়িয়ে তদন্তের ফলাফল বলে দেওয়ার মতো আচরণ আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এ ধরনের বক্তব্য ও আচরণের আমি তীব্র বিরোধিতা করছি।
