মোহাম্মদপুরে ওসি ও এসআইয়ের ওপর ছিনতাইকারীদের হামলা  

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

রাজধানীর মোহাম্মদপুরে ‘কব্জি কাটা’ গ্রুপের ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে চাপাতির কোপে আহত হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) তরুণ। 

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় পুলিশ অভিযান চালালে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। 

এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি করলে রুবেল ও আমির নামে দুই ছিনতাইকারী গুলিবদ্ধ হয়। পরে ওই দুজনসহ কাশেম ও মো. জয় নামে আরো দুজনকে আটক করা হয়।

আহত আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, সকালে আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছিনতাইকারীর চাপাতির আঘাতে আমি ও উপ-পরিদর্শক (এসআই) তরুণ আহত হই।

এর আগে, আজ সকালে আদাবরের ৭ নম্বর সড়কে বিকাশের দোকানিকে কুপিয়ে তিন লাখ টাকা ও মোবাইল ছিনতাই করে কব্জি কাটা গ্রুপ সদস্যরা।  

মঙ্গলবার বেলা ১১টার দিকে আদাবরের শেখেরটেক ৭ নম্বর রোডের মাথায় নিজ দোকানে বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে (৩৯) কুপিয়ে ক্যাশে থাকা ৩ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। গুরুতর আহত শফিকুল বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।

পুলিশ জানায়, এ ঘটনায় ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

শফিকুলের বরাতে তার বড় ভাই মুসলিম হোসেন বলেন, “দুইজন যুবক আমার ভাইয়ের দোকানে এসে দোকানের ক্যাশে হাত দিয়ে জোর করে লুট করার চেষ্টা করলে ভাই প্রথমে বাধা দেয়। পরে চাপাতি দিয়ে কুপিয়ে ক্যাশে থাকা সব টাকা নিয়ে যায়।”

ক্যাশে প্রায় সাড়ে তিন লাখ টাকা ছিল বলে শফিকুলের কাছ থেকে জেনেছেন তার ভাই মুসলিম।

তিনি বলেন, “দুর্বৃত্তরা চাপাতি দিয়ে শফিকুলের বাম হাত, মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয়। বর্তমানে তার অপারেশন চলছে।”

আদাবর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, “দুর্বৃত্তরা টাকাসহ মোবাইল ফোনও নিয়ে গেছে। আশেপাশের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *