হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে ছিল

✍︎ নোয়াখালী প্রতিনিধি ✍︎

নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের জন্য নির্দিষ্ট সময়ের চেয়ে প্রায় দুই ঘণ্টা পর ফেরি ছেড়েছে। রোববার রাতে হাতিয়ার নলচিরা ঘাটে নোঙর করা মহানন্দা ফেরিতে এই ঘটনা ঘটে।

দীর্ঘক্ষণ আটকে থেকে চরম ভোগান্তির শিকার হওয়া যাত্রীদের সঙ্গে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাংসদ আবদুল হান্নান মাসউদের বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটে।

স্থানীয়রা জানান, ফেরি মহানন্দা রোববার বিকেল ৫টা ৪৫ মিনিটে নলচিরা ঘাটে পৌঁছায়। পরে ফেরি লোড-আনলোড ও মাল-গাড়ি ওঠানামা করতে সোয়া ঘণ্টা লাগে। সে হিসেবে ৭টার সময় ফেরিটি চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই ফেরি ছাড়ে রাত প্রায় ৯টার সময়। বিকেল থেকে মোটরসাইকেলসহ গাড়িগুলোর জন্য কাউন্টারে বুকিং নিলেও ফেরি আনলোড হওয়ার পর গাড়ি তুলতে দেওয়া হয়নি।

আবদুর রহমান নামের এক যাত্রী জানান, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফেরি না ছাড়ার কারণ জানতে চাইলে সংশ্লিষ্টরা তাঁদের বলেন, এমপি সাহেব আসবেন, তারপর ফেরি ছাড়বে।

এক নারী যাত্রী বলেন, একজন জনপ্রতিনিধির জন্য যদি শত শত মানুষকে ভোগান্তি পোহাতে হয়, তাহলে সেটি দুঃখজনক। সময়মতো চেয়ারম্যান ঘাটে পৌঁছাতে না পারলে রাতের আঁধারে ৫০ কিলোমিটার দূরে সোনাপুর বা মাইজদীতে পৌঁছানো যাবে না। এর ফলে ঢাকা-চট্টগ্রাম-কুমিল্লা-ফেনীগামী রাতের বাস মিস হওয়ার আশঙ্কা রয়েছে।

ফেরি মহানন্দার মাস্টার মোজাম্মেল হক জানান, ফেরিটি ছাড়তে প্রায় ঘণ্টা দেড়েক বিলম্ব হয়েছে। একজন সংসদ সদস্যের (ভিআইপি) জন্য এই বিলম্ব করাটা বিলম্বের মধ্যে পড়ে না। যাত্রীরা জানেন তাঁদের সেন্টিমেন্ট এমন কেন। তিনি একজন সংসদ সদস্য, তাঁর জন্য তাদের কতটুকু স্যাক্রিফাইস থাকা দরকার ছিল, তারা কতটুকু স্যাক্রিফাইস করেছে, সেটি হচ্ছে আমজনতার বিষয়। পরে এমপি এসে জনতার উদ্দেশে কথা বলেছেন। ফেরির ভেতরে থাকায় আমি এমপির কথা শুনতে পাইনি।

এ ব্যাপারে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, একটি স্বার্থান্বেষী মহল ও অসাধু সিন্ডিকেট পরিকল্পিতভাবে ঘাটে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে। ওই চক্রটি মোটরসাইকেল, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ফেরিতে না তুলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখে। এর ফলে ঘাটসংলগ্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকালও একইভাবে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, এর উদ্দেশ্য তাকে রাজনৈতিকভাবে হেয় এবং ব্যর্থ প্রমাণ করা। তিনি বলেন, সাধারণ যাত্রী কিংবা ভিআইপি—কারও জন্যই ফেরি নিয়মের বাইরে অপেক্ষা করবে না। নির্ধারিত সময়ে ফেরি চলাচল করবে। ফেরিঘাটকে কেন্দ্র করে যারা কালো সিন্ডিকেট গড়ে তুলেছে এবং যাত্রীদের হয়রানি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আবদুল হান্নান মাসউদ আরও বলেন, নির্দিষ্ট সময়েই তিনি ফেরিঘাটে পৌঁছেছেন। তাঁকেও ঘাটে পৌঁছানোর পর প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *