ইরানে তিন দিনব্যাপী হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

✍︎ নাগরিক নিউজ ডেস্ক ✍︎

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানে তিন দিনব্যাপী একটি তীব্র সামরিক অভিযানের পরিকল্পনা তৈরি করেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ওয়াশিংটন কোনো হামলা চালাবে না।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের নির্দেশেই পেন্টাগন এই পরিকল্পনা সাজিয়েছে। গত শুক্রবার ক্যাম্প ডেবিডে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা এটি নিয়ে আলোচনা করেন। 

এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডার, যা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুদ্ধের পর থেকে আবার গুছিয়ে নিয়েছে। এছাড়া ইরানের জ্বালানি কেন্দ্র, সামরিক সদর দপ্তর এবং পারমাণবিক স্থাপনাগুলোও সম্ভাব্য লক্ষ্যের তালিকায় রয়েছে।

অ্যাক্সিওস জানিয়েছে, পেন্টাগন এরই মধ্যে সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) ইরানের বিরুদ্ধে বড় ধরনের লড়াইয়ের সব প্রস্তুতি সম্পন্ন রাখতে নির্দেশ দিয়েছে। তবে এতে কোনো নির্দিষ্ট তারিখ বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

চলমান এই সামরিক প্রস্তুতির মাঝেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানিয়েছেন যে তেহরানের সঙ্গে তাদের ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে এবং নির্বাচনের আগে কোনো আক্রমণ করা হবে না। এই শক্তি প্রদর্শনের অংশ হিসেবে আগামী সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন থাকার কথা রয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *