আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী  

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সংসদের ভেতরের ও বাইরের সব গণতান্ত্রিক দলকে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।

অধিবেশনের শেষ শপথ ও প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করব, আমাদের এই স্বাধীন সার্বভৌম সংসদ আমরা রক্ষা করব; বাংলাদেশকে আর কোনো তাবেদারের হাতে আমরা সঁপে দেব না।

তিনি আরও বলেন, বাংলাদেশকে আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না। পতিত ফ্যাসিস্ট দলকে আর কখনোই মাথা তুলে দাঁড়াতে দিবে না জনগণ।

প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, ওই সন্ত্রাসী দলের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দেশ দিয়েছেন গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দিতে এবং হত্যার জন্য তালিকা প্রস্তুত করতে। বেপরোয়া সন্ত্রাস চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ এই দলটি নিজেরাই প্রমাণ করেছে যে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং তারা একটি চিহ্নিত ‘সন্ত্রাসী গোষ্ঠী’।

বিদেশে অবস্থানরত এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের প্রতি কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এই সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি তাদের মনোভাব স্পষ্ট হয়ে গেছে। তারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বদলে সন্ত্রাসীদের সঙ্গেই সম্পর্ক রাখতে আগ্রহী। তবে দেশপ্রেমিক জনগণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে কারো বশ্যতা মেনে নেওয়ার জন্য লড়াই করেনি। 

ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান ঠেকাতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো একমঞ্চে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সংসদে প্রতিনিধিত্বকারী এবং সংসদের বাইরের সকল গণতান্ত্রিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সকলে এক মঞ্চে দাঁড়াই।

তিন দশক আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া স্লোগান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আবারও আজ সেই আওয়াজ তুলে বলি—ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।

বাংলাদেশকে আর কখনোই কোনো তাবেদারের হাতে সঁপে দেওয়া হবে না উল্লেখ করে সংসদ নেতা দৃঢ়তার সঙ্গে বলেন, যাদের হাতে গোলামীর জিঞ্জির, সেই তাবেদারি শক্তিকে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না; মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। 

চব্বিশের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পতিত স্বৈরাচারের যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার শপথ নিয়ে তিনি অধিবেশনের সমাপনী বক্তব্য শেষ করেন।

গার্মেন্টস শ্রমিকদের বার্তা
দেশের গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করে তোলার পেছনেও বিশেষ স্বার্থগোষ্ঠীর উদ্দেশ্য রয়েছে কিনা প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাকশিল্পকে দুর্বল করে দিয়ে কি অন্য কোনো দেশকে সেই সুযোগ করে দেওয়ার অপচেষ্টা চলছে? বিষয়টি গভীরভাবে ভেবে দেখা দরকার। সরকার গার্মেন্টসশিল্পের শ্রমিকদের সমস্যা, দাবি ও অধিকার সম্পর্কে সম্পূর্ণ সচেতন উল্লেখ করে সরকারপ্রধান বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি এবং কর্মপরিবেশ উন্নত করার বিষয়ে আন্তরিকভাবে কাজ করছি। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুতই নতুন মজুরি কাঠামো ঘোষণা এবং সেই অনুযায়ী শ্রমিকদের বেতন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

গার্মেন্টসশিল্পে কর্মরত শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যাঁরা বিদেশে পলাতক কোনো অপশক্তির উসকানিতে নিজেদের কর্মস্থলে ভাঙচুর করছেন, আগুন দিয়ে নিজেদের জীবিকা নির্বাহের প্রতিষ্ঠানটির ক্ষতি করছেন, তাঁদের কাছে আমার একটি প্রশ্ন নিজের কর্মস্থলটিই ধ্বংস করলে আপনাদের বেতন আসবে কোথা থেকে? পরিবারের জীবিকা নির্বাহ হবে কীভাবে? সন্তানদের ভবিষ্যৎ কী হবে? প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের ন্যায্য দাবি অবশ্যই থাকবে,  তা আদায়ের জন্য আন্দোলনও করতে পারেন। কিন্তু নিজেদের কর্মস্থলে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা উৎপাদনব্যবস্থা ধ্বংস করার মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। যে কারখানা আপনাদের জীবিকার সংস্থান করে, যে কর্মস্থল আপনাদের পরিবারকে বাঁচিয়ে রাখে, সেই কর্মস্থলকে রক্ষা করা আপনাদের নিজেদের স্বার্থেই জরুরি। জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার তার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাবে।

প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, ঐক্যের আহ্বান
আওয়ামী লীগকে কোনো সুযোগ দেওয়া হবে না জানিয়ে সংসদে প্রতিনিধিত্ব করা দলগুলোকে ঐক্যের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন,  চব্বিশে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িতত করেছিলাম, একই চেতনায় আমরা আবারও তাদের বিষদাঁত ভেঙে দিতে চাই। স্বৈরাচার বিরোধী সব দলকে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদের ভেতরের এবং বাইরের সব  গণতান্ত্রিক দলের প্রতি আহ্বান- আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এক মঞ্চে দাঁড়াই।

শেখ হাসিনার নাম না নিয়ে সংসদ নেতা বলেছেন, সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদের গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। গণতন্ত্রকামী জনগণকে হত্যায় তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে। তাদের এমন বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিরোধীদলের উদ্দেশ্যে তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক সংসদে মতের ভিন্নতা থাকবে, যুক্তির লড়াই থাকবে; কিন্তু দেশ ও জনগণের স্বার্থে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সন্ত্রাসের মাধ্যমে যারা অস্থিতিশীল করতে চায়, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কী হবে- এ প্রশ্নে আমাদের বিভেদ থাকতে পারে না।

প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তিন দশক আগের বক্তব্য থেকে উদ্বৃত করে বিএনপি চেয়ারনম্যান বলেন, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই হোক আমাদের আজকের অঙ্গীকার। সন্ত্রাসী গোষ্ঠী কিংবা গণতন্ত্রবিরোধী অপশক্তিকে এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। যারা গোলামির শৃঙ্খল নিয়ে আসতে চায়, তাদের বিরুদ্ধে স্বাধীনতার পতাকা হাতে বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে।

সামনে অনেক চ্যালেঞ্জ
সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, রাষ্ট্র পুনর্গঠন, অর্থনৈতিক স্থিতিশীলতা, দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো আমাদের সম্পন্ন করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ভঙ্গুর আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে। মাত্র দুই সপ্তাহের মাথায় বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। বাংলাদেশ এই যুদ্ধের পক্ষ নয়। কিন্তু যুদ্ধের নেতিবাচক প্রভাব থেকে আমরা কোনোভাবেই মুক্ত থাকতে পারিনি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ও মূল্য পরিস্থিতির ওপর এর প্রভাব পড়েছে। বাংলাদেশকেও জ্বালানি সংকটের মতো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানা ও উৎপাদনব্যবস্থা সচল রাখার স্বার্থে জ্বালানি খাতে সরকারকে প্রায় ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করেছে।

সংসদ নেতা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরে আমরা নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে চাই না। জনগণের কাছে আমাদের জবাবদিহি রয়েছে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে বর্তমান সংকট মোকাবিলা করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া। বাংলাদেশ ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। 

চীন, তুরস্ক, জাপানসহ আরও কয়েকটি দেশ বাংলাদেশের বিভিন্ন খাতে বড় ধরনের বিনিয়োগের ব্যাপারে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে তারেক বলেন, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেলে দেশে নতুন শিল্পকারখানা গড়ে উঠবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রযুক্তির বিকাশ ঘটবে এবং আমাদের অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি জনগণের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টিও সরকারের সর্বোচ্চ গুরুত্বের মধ্যে রয়েছে। 

চাল, ডাল, ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর আমদানি শুল্ক ও কর কমানো হয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। রমজানকে সামনে রেখে সরকার আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। আগের বছরগুলোর সঙ্গে নিত্যপণ্যের দাম তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দাম কিছুটা হলেও কমেছে। 

জুলাইয়ে আত্মত্যাগে জনগণ মুক্ত
ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাযজ্ঞের কথার তুলে ধরে সরকারপ্রধান বলেন, নজিরবিহীন দমনপীড়নে হাজারো মানুষের জীবন বিপন্ন হয়, অসংখ্য মানুষ আহত ও পঙ্গুত্বের শিকার হন। ক্ষমতায় টিকে থাকা, তাদের কাছে রাষ্ট্র ও জনগণের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তবে বাংলাদেশের সাহসী সন্তানরা মাথা নত করেননি। আবু সাঈদসহ অসংখ্য বীর ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাঁদের আত্মত্যাগে সেই তাবেদার ও গণবিরোধী শক্তি ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার বিপর্যস্ত পরিস্থিতিতে বিএনপি সরকার দায়িত্ব নেয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা এবং দুর্নীতি ও অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য বর্তমান সরকার দেশে-বিদেশে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। স্বপ্নের গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা সরকারের রাজনৈতিক অঙ্গীকার। 

৫ আগস্টের ফলে মানুষ কী কী পেয়েছে- তা তুলে ধরে তারেক রহমান বলেছেন, জনগণ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। নাগরিক অধিকার ফিরে পাওয়ার সুযোগ পেয়েছে। অবরুদ্ধ থাকা গণতন্ত্র আবারও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে। জনগণের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়েছে। মানুষ ধীরে ধীরে মানবিক মর্যাদা ও নাগরিক অধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা করতে পারছে। গুম, খুন, অপহরণ এবং রাজনৈতিক নিপীড়নের আতঙ্ক থেকে মুক্ত একটি সমাজ গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মানুষ এখন রাষ্ট্রের কাছে নিরাপত্তা, ন্যায়বিচার ও জবাবদিহি প্রত্যাশা করতে পারছে।
 

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *