রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

রাজধানীর ৪টি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

তিনি বলেন, ঢাকার যানজট নিরসনে চারটি আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে অতিদ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

৪টি আন্তঃনগর বাস টার্মিনাল হচ্ছে—ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল। সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তর হবে। মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে যাবে পূর্বাচলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে স্থানান্তরিত হবে। গাবতলী আন্তঃনগর বাস টার্মিনাল হেমায়েতপুর এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল যাবে কাঁচপুরে। 

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত সরিয়ে নির্দিষ্ট স্থানে নেওয়ার তাগাদা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন, এআই ক্যামেরা স্থাপনসহ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় ট্রাফিক সিগন্যালিংয়ে এআই ক্যামেরা স্থাপনের সুফল প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

ট্রাফিক সিগন্যালিংয়ে এআই ব্যবস্থার সুফল মেলায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেও জানান হাসান শিপলু।

রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক।

হকার ব্যবস্থাপনা নিয়েও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা জানান, হকারদের হঠাৎ উচ্ছেদ না করে পুনর্বাসনের আওতায় আনা হবে, যাতে তারা জীবিকা নির্বাহ করতে পারেন এবং সড়কও যানজটমুক্ত থাকে।

উচ্চপর্যায়ের এ বৈঠকে অংশ নেন যোগাযোগ ও পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান। সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, বহুল আলোচিত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়ে গঠিত তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি আগামী সাত দিনের মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।

‘ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক রূপ দিতে আগামী সপ্তাহেই শাহবাগ মোড়ে পরীক্ষামূলকভাবে ডিজিটাল সিগন্যাল ব্যবস্থা স্থাপন করা হবে। আজকের বৈঠকে এ আধুনিক সিগন্যালিং ব্যবস্থার খুঁটিনাটি ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে’ উল্লেখ করেন ড. হাদিউজ্জামান।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *