✍︎ নাগরিক নিউজ ডেস্ক ✍︎
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে যাচ্ছেন। মঙ্গলবার (১৯ মে) সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ক্রেমলিন এ তথ্য নিশ্চিত করেছে।
ভারত ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতার প্রেক্ষাপটে এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। এক বছরের মধ্যে এটি হবে পুতিনের দ্বিতীয় ভারত সফর। তার এ সফরকে দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে।
২০২৫ সালের ডিসেম্বরে ২৩ তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নিতে ভারত সফর করেছিলেন পুতিন। সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
যদিও ২০২৫ সালের বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল, কারণ ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর সেটিই ছিল পুতিনের প্রথম ভারত সফর। এর আগে তিনি সর্বশেষ ২০২১ সালে নয়াদিল্লি সফর করেছিলেন।
পুতিনের এবারের সফরের আগে নয়াদিল্লি সফর করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও।
তিনি ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। ১৪ ও ১৫ মে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারত ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতার প্রেক্ষাপটে এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। এক বছরের মধ্যে এটি হবে পুতিনের দ্বিতীয় ভারত সফর, যা দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে।
এক বছরে দ্বিতীয়বার পুতিনের ভারত সফর দুই দেশের উচ্চ-পর্যায়ের সম্পৃক্ততাকেই প্রমাণ করে। রাশিয়ার রাষ্ট্রপ্রধানের চলতি সফরে ভারত ও রাশিয়ার মধ্যে কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হবে বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, ইউক্রেন ও ইরান যুদ্ধের মধ্যে পুতিনের এই সফরে জ্বালানি সংকট নিয়ে কথা হতে পারে। মাঝে রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে আপত্তি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। যদিও পরিবর্তিত পরিস্থিতি অন্য দিকে বাঁক নিয়েছে। হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার পর থেকে গোটা পৃথিবী জ্বালানি সংকটে ভুগছে। মূল্যবৃদ্ধির ধাক্কা লেগেছে ভারতের বাজারে। এই পরিস্থিতি মোদি-পুতিন বৈঠক বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এবারের ব্রিকস সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
