✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসছে’—এমন শিরোনামে প্রচারিত তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
শনিবার (২৭ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, তুরাগ নদীতে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার চেষ্টা করছে।
যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে।
এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে পুলিশ জানায়, গুজব ছড়ানোর সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২২ জুন রাজধানীর তুরাগ এলাকায় আওয়ামী লীগের মিছিলের পর থেকেই দলটির সাত নেতাকর্মী নিখোঁজ ছিলেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তাদের মধ্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৩ জনের লাশ তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়েছে বলে গত শুক্রবার থেকে ফেসবুকে ফের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এ তথ্যের ব্যাপারে শনিবার আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেছেন, “শুক্রবার সকালে তুরাগে পিকনিকে গিয়ে ট্রলার থেকে পড়ে সুমন আহমেদ (১৮) নামে এক তরুণ নিখোঁজ হয়। পরে রাতে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলাও হয়েছে।”
