✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এই মর্মে সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ-৬) ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রিজভী আওয়ামী লীগ সরকারের সময়ে নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মসূচি ও গণমাধ্যমে বিএনপির অবস্থান তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন সামনের সারির নেতা। একপর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে টানা প্রায় দুই মাস অবরুদ্ধ অবস্থায় থেকেও নিয়মিত সংবাদ সম্মেলন করে গিয়েছিলেন তিনি। দলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং রাজনৈতিক কর্মসূচি চালিয়ে নেওয়ার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
দলের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং কেন্দ্রীয় কার্যালয়কেন্দ্রিক কর্মকাণ্ডে তাঁর অভিজ্ঞতাই ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রিজভীকে বেছে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পর্বের অবসান হলো। ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন মির্জা ফখরুল। পরে ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে তিনি দলের মহাসচিব নির্বাচিত হন। এরপর দীর্ঘ সময় ধরে দলের অন্যতম প্রধান মুখ হিসেবে বিএনপির নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি।
তবে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভীর দায়িত্ব গ্রহণকে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবেই দেখা হচ্ছে। চলতি বছরেই বিএনপি জাতীয় কাউন্সিল করার চিন্তা করছে। কাউন্সিলে পূর্ণাঙ্গ মহাসচিব করা হতে পারে।
