✍︎ রাঙ্গামাটি প্রতিনিধি ✍︎
তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে আগামীকাল বৃহস্পতিবার থেকে খাগড়াছড়ি-সাজেক পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।
রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত ওই জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যা ৭:০০ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ থাকবে। পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামীকাল বিকেল ৪:০০ টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে অনুরোধ করা হয়েছে।
সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার সই করা যৌথ বিজ্ঞপ্তিতে আজ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘাইহাট ও মাচলংবাজার দুর্গাপূজা উদ্যাপন কমিটির অনুরোধে এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সুবিধার কথা বিবেচনায় ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। পূজা শেষ হওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী আগামীকাল থেকে আবার কর্মসূচি শুরু হবে।
আন্দোলনকারীদের ভাষ্য, ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হলে ওই দিন বিকেলে স্থানীয় প্রশাসন পর্যটন এলাকার সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়াসহ সাজেকবাসীর তিন দফা দাবি পূরণের আশ্বাস দেয়। প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হলেও নির্ধারিত সময়ে তা বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ তাঁদের। ফলে ১৫ তারিখ আবারও অবরোধ কর্মসূচি পালন করেন। তবে দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়।
যৌথ বিবৃতিতে নেতারা বলেন, এলাকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও সশস্ত্র সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধে পর্যটন এলাকা থেকে সন্ত্রাসীদের পুরোপুরি অপসারণ না করা পর্যন্ত অবরোধ আন্দোলন চলবে।
অবরোধের আওতামুক্ত থাকবে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র বহনকারী যানবাহন ও সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা ও আইনশৃঙ্খলা রক্ষায় পর্যটন সড়কসহ আশপাশের এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
এদিকে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসনও।
