✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
ঈদুল আজহা উপলক্ষ্যে মঙ্গলবার থেকে সারা দেশে মার্কেট, বিপণি বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান ঈদের দিন পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
মঙ্গলবার (১০ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সরকার দোকানপাট খোলার রাখার সময় বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে বিদ্যুৎ সংকট মোকাবিলায় মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, আমাদের আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী বাংলাদেশ দোকান মালিক সমিতিকে অবহিত করেন যে, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণি বিতান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সময় বর্ধিত করা হয়েছে।
তবে কোনো আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দোকান মালিক সমিতি।
জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা আবেদন করেছিলেন, ‘আমরা যাতে অন্তত সন্ধ্যা সাতটা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দিই। যদিও ক্যাবিনেট মিটিংয়ে (মন্ত্রিসভার বৈঠক) সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিদ্ধান্ত হয়েছিল। পরে মাননীয় প্রধানমন্ত্রী দোকান মালিক সমিতির আবেদন বিবেচনায় নিয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে।’
জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যবসায়ীদের জীবন–জীবিকার কথা বিবেচনা করেই এ সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।
