মগবাজারে সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎ 

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে ছিলেন না তিনি।

শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ভোরবেলায় গুলির সময় গাড়িতে ছিলেন না সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি অক্ষত রয়েছেন। কে বা কারা এই গুলির ঘটনায় জড়িত, তা এখনো জানা যায়নি।

এ হামলার সঙ্গে তাঁর ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

ওসি আসাদুজ্জামান জানান, ঘটনার সময় মগবাজার বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের স্টুডিওতে ছিলেন আসিফ আকবর। গাড়ি নিজে পার্ক করা ছিল। সেই গাড়িতে এসে দুই রাউন্ড গুলি করে গেছে দুর্বৃত্তরা।

ঘটনার বিষয়ে পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিংয়ের জায়গায় গাড়িটি রাখা ছিল। ভোর পৌনে পাঁচটার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়েন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে হাতিরঝিল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানতে পারে, ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় তাঁর নিজ কার্যালয়ে ছিলেন। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।

সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত ফাঁকা গাড়িতে গুলি করার ঘটনায় একজনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। ওই ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় এসে তাঁকে গুলি করে পালিয়ে গেছে। তবে তাঁকে এখনও শনাক্ত করা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, গাড়িতে কেউ ছিল না। আসিফ আকবর তখন বিশাল সেন্টারের তৃতীয় তলায় স্টুডিওতে ছিলেন। চালকের পেছনের আসন লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত গুলির খোসা পাওয়া গেছে। গুলিতে গাড়ির কাঁচ ভেঙে গেছে। ঘটনার একটি সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। তবে সেখানে হামলাকারীর চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না। শুধু পা দেখা যাচ্ছে। পুলিশ বিশাল সেন্টারের আশপাশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে।

সিসি ক্যামেরার ফুটেজের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মগবাজার মোড় থেকে মালিবাগের দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা আসতে দেখা যায়। অটোরিকশাটি বিশাল সেন্টারের সামনে এসে থামে। সেখান থেকে একজন নেমে এসে আসিফ আকবরের গাড়িতে গুলি করে আবার অটোরিকশায় উঠে মালিবাগের দিকে চলে যান। তবে অটোরিকশায় আরও কেউ বসা ছিল কিনা সে বিষয়টি এখন নিশ্চিত হওয়া যায়নি।

আসিফ আকবর কাউকে সন্দেহ করছেন কি না, জানতে চাইলে সালমা আসিফ মিতু বলেন, ‘আমাদের কাছে সন্দেহজনক কেউ নেই। আমরা এই জীবনে আজ পর্যন্ত কাউকে কখনো সন্দেহ করতে পারিনি। সন্দেহ করার মতো কোনো ঘটনা তো আসিফের সঙ্গে কখনো ঘটেওনি। আসিফ বরাবরই সবার সঙ্গে মিলেমিশে চলেছে। সব সময় ন্যায্য কথা বলেছে। তবে এই ঘটনা অবিশ্বাস্য। বুঝতে পারছি না, কিসের থেকে কী হয়েছে। জানি না, কী হবে। আসিফ এখন ঘুমাচ্ছে। সুস্থ আছে।’

সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও ব্যাপক পরিচিত আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *