স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

দেশে উদ্ভাবনভিত্তিক উদ্যোক্তা তৈরি ও প্রযুক্তিনির্ভর ব্যবসার বিকাশে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার। বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন।

এ জন্য ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত স্টার্টআপ অনুদান ব্যবস্থাপনা ও পরিচালনা নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। গত ১১ নভেম্বর নীতিমালাটি জারি এবং ১২ নভেম্বর গেজেট প্রকাশ করা হয়।

নীতিমালা অনুযায়ী, স্টার্টআপের পর্যায় বিবেচনায় এক লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। আইডিয়া উন্নয়নে এক লাখ থেকে তিন লাখ, প্রোটোটাইপ ও ন্যূনতম কার্যকর পণ্য তৈরিতে তিন লাখ থেকে ১০ লাখ এবং বিনিয়োগ প্রস্তুতি ও ব্রিজ ফান্ডিংয়ের জন্য ১০ লাখ থেকে ৩০ লাখ টাকা পাওয়া যাবে। বিশেষ ক্ষেত্রে অনুদানের পরিমাণ ৫০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। তবে প্রোটোটাইপ পর্যায়ে ব্যক্তিগত আবেদনকারীরা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পাবেন।

আবেদন করতে পারবেন যারা

বাংলাদেশের নাগরিক, প্রবাসী বাংলাদেশি ব্যক্তি, দল বা প্রতিষ্ঠান এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর উদ্যোগ হতে হবে উদ্ভাবনভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও সম্প্রসারণযোগ্য। পাশাপাশি থাকতে হবে সমস্যার কার্যকর সমাধান, বাজার সম্ভাবনা এবং টেকসই ব্যবসায়িক পরিকল্পনা।

নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধন করে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে পরিচয়পত্র, প্রয়োজনীয় ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ, ব্যবসায়িক ও আর্থিক পরিকল্পনা এবং পিচ ডেক জমা দিতে হবে।

তবে আইডিয়া পর্যায়ে কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স, টিআইএন বা বিআইএন বাধ্যতামূলক নয়। এ পর্যায়ে পূর্ণাঙ্গ পণ্য বা গ্রাহক থাকাও জরুরি নয়। অন্যদিকে, প্রোটোটাইপ ও বিনিয়োগ প্রস্তুতি পর্যায়ে আবেদনকারীদের উদ্যোগের অগ্রগতি, প্রযুক্তিগত সক্ষমতা এবং বাজার সম্ভাবনার প্রমাণ দিতে হবে।

যেসব খাতে মিলবে অগ্রাধিকার

তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, কৃষি প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা প্রযুক্তি, আর্থিক প্রযুক্তি, ডিপ টেক, রোবোটিকস, ড্রোন, নবায়নযোগ্য জ্বালানি, পরিবহন প্রযুক্তি, বায়োটেকনোলজি এবং সৃজনশীল অর্থনীতির উদ্যোগ অগ্রাধিকার পাবে।

কর্মসংস্থান, রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ, স্থানীয় সমস্যা সমাধান, জলবায়ু সহনশীলতা ও নারী নেতৃত্বাধীন স্টার্টআপের বিষয়ও মূল্যায়নে বিবেচনা করা হবে।

অনুদান অনুমোদন করবেন সচিব ও মন্ত্রী

নীতিমালা অনুযায়ী, ৩০ লাখ টাকা পর্যন্ত অনুদান অনুমোদন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব। ৩০ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুমোদন দেবেন মন্ত্রী। উভয় ক্ষেত্রেই চূড়ান্ত মূল্যায়ন কমিটির সুপারিশ প্রয়োজন হবে।

অনুদানের অর্থ এককালীন অথবা কিস্তিতে দেওয়া যাবে। প্রকল্পের অগ্রগতি, নির্ধারিত লক্ষ্য অর্জন ও ব্যয়ের হিসাব যাচাই করে পরবর্তী কিস্তি ছাড় করা হবে। এ অর্থ পণ্য ও সফটওয়্যার উন্নয়ন, গবেষণা, পরীক্ষণ, বিপণন, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করা যাবে।

তবে ব্যক্তিগত ব্যয়, ঋণ পরিশোধ, জমি বা ভবন কেনা, বিলাসবহুল গাড়ি কিংবা লভ্যাংশ বিতরণে অনুদানের অর্থ ব্যবহার করা যাবে না। অনুদানের অর্থ পৃথক ব্যাংক হিসাবে রাখতে হবে এবং প্রকল্প শেষে কমপক্ষে পাঁচ বছর আর্থিক নথি সংরক্ষণ করতে হবে।

অনুদান পাবেন না যারা

অনুদানপ্রার্থীদের আবেদন তিনটি কমিটির মাধ্যমে যাচাই করা হবে। প্রাথমিক যোগ্যতা, প্রযুক্তিগত সক্ষমতা, বাজার সম্ভাবনা ও প্রকল্পের সামগ্রিক মূল্যায়নের পর চূড়ান্তভাবে অনুদান অনুমোদন দেওয়া হবে।

মিথ্যা তথ্য, জাল দলিল, দুর্নীতি, অর্থ আত্মসাৎ বা সরকারি অনুদানের অর্থ অপব্যবহারের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন না। অস্ত্র, মাদক, জুয়া, পর্নোগ্রাফি ও অবৈধ আর্থিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোগও অনুদানের অযোগ্য হবে।

অনুদানের অর্থ অপব্যবহার বা চুক্তির শর্ত লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সরকার অর্থ ফেরত নেওয়া, অনুদান বাতিল এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *