টিটন হত্যাকাণ্ড: শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম রিমান্ডে

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের আলোচিত শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে ৫ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এই আদেশ দেন।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কড়া পুলিশি নিরাপত্তায় সুইডেন আসলামকে আদালতে হাজির করা হয়। প্রথমে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় এবং পৌনে ৫টার দিকে এজলাসে তোলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের রমনা বিভাগের এসআই মো. ইরফান খান আসলামের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, ঘটনার নেপথ্য ইন্ধনদাতাদের চিহ্নিত করা, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং পলাতক ও ধৃত অন্য আসামিদের সঠিক অবস্থান নিশ্চিত করে গ্রেফতারের লক্ষ্যে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত জরুরি।

রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নাকচ করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর আলোচিত একাধিক অপরাধের তদন্তে নতুন করে আলোচনায় এসেছেন এস এম আসলাম ওরফে সুইডেন আসলাম (৬৪)। বিশেষ করে নিউমার্কেট এলাকায় খন্দকার নঈম আহমেদ টিটন হত্যাকাণ্ডের নেপথ্যে তার সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসার পর তাকে ঘিরে তদন্তে গুরুত্ব দিচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বহিলা গরুর হাটের ইজারা নিয়ে বিরোধ, হত্যার পরিকল্পনা, অস্ত্রের উৎস, হামলাকারীদের পরিচয় এবং পলাতক ব্যক্তিদের অবস্থান সব মিলিয়ে আসলামের কাছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতে চায় তদন্ত সংস্থা।

গত ২৮ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে রাজধানীর নিউমার্কেট থানাধীন শাহনেওয়াজ হলের সামনে বটতলা এলাকায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী দুর্বৃত্ত খন্দকার নঈম আহমেদ টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ টিটনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টা ২৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। ২৯ এপ্রিল দায়ের করা মামলাটিতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

হত্যাকাণ্ডের আগে বহিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে বিরোধের কথা বড় ভাইকে জানিয়েছিলেন টিটন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৬ এপ্রিল ফোনে টিটন তার বড় ভাইকে জানান, এনামুল হাসান হেলাল, পিচ্ছি হেলাল, বাদল কিলার, বাদল, কাইলা বাদল, শাহজাহান, রনি ও ভাঙ্গারি রনিসহ কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছে।

এ বিরোধের কারণে নিজের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন ছিলেন টিটন। ঘটনার মাত্র দুই দিন আগে বড় ভাইকে বিষয়টি জানানোর পরপরই তাকে গুলি করে হত্যা করা হয়। ফলে ইজারার শিডিউল নিয়ে বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ইরফান খান লিখিতভাবে জানান, তদন্তসংশ্লিষ্টদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হাটের ইজারা নিয়ে বিরোধ কি শুধু ব্যবসায়িক প্রতিযোগিতায় সীমাবদ্ধ ছিল, নাকি এর পেছনে প্রভাব বিস্তার ও আধিপত্য প্রতিষ্ঠার লড়াই? বিরোধের জেরে টিটনকে হত্যার পরিকল্পনা করা হয়ে থাকলে সেই পরিকল্পনা কোথায়, কারা এবং কীভাবে বাস্তবায়ন করেছে, তা জানতে চায় ডিবি।

এ ছাড়া হত্যাকাণ্ডের আগে ও পরে আসলামের সঙ্গে মামলার অন্য আসামিদের যোগাযোগ ছিল কি না, দুই অস্ত্রধারীকে কারা নিয়োগ করেছিল, হামলার জন্য অস্ত্র কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং হত্যার পর তাদের পালিয়ে যেতে কারা সহযোগিতা করেছিল, এসব বিষয়ও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ।

রিমান্ড আবেদনে পুলিশের প্রাথমিক তদন্তে আসলামের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে রনি ও ভাঙ্গারি রনিসহ কয়েকজনের নাম এসেছে। এনামুল হাসান হেলাল, পিচ্ছি হেলাল, বাদল কিলার, বাদল, কাইলা বাদল ও শাহজাহানসহ অন্যদের ভূমিকা এবং তাদের সঙ্গে আসলামের সম্ভাব্য যোগাযোগের বিষয়টিও যাচাই করতে চায় তদন্ত সংস্থা।

হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনো তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। অস্ত্রটি কার কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল, হামলার পর কোথায় সরিয়ে রাখা হয়েছে এবং এর সঙ্গে আরও কোনো অপরাধী চক্র জড়িত কি না, তা জানতে চায় পুলিশ।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার মূল রহস্য উদ্‌ঘাটন, ঘটনার ইন্ধনদাতা শনাক্ত, অস্ত্র উদ্ধার এবং পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করা প্রয়োজন। এ জন্য তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

সুইডেন আসলামের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আলোচিত অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ও পরিচিতি থাকলেও বর্তমান মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমেই নির্ধারিত হবে। ডিবির কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে, টিটন হত্যাকাণ্ডের সঙ্গে তার প্রকৃত ভূমিকা কী এবং এ হত্যার পেছনে কোনো সংঘবদ্ধ অপরাধী নেটওয়ার্ক কাজ করেছে কি না। তদন্তে তার অপরাধজগতের যোগাযোগ, সম্ভাব্য সহযোগী এবং অন্যান্য মামলার সঙ্গে কোনো যোগসূত্র পাওয়া যায় কি না, সেটিও যাচাইয়ের বিষয়। তবে রিমান্ড আবেদনে উল্লিখিত তথ্যের বাইরে অন্য কোনো মামলায় তার সংশ্লিষ্টতা বা নতুন অপরাধের প্রমাণ পাওয়া গেছে, এমন দাবির সুযোগ নেই।

সব মিলিয়ে সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদে ডিবির সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। বহিলা গরুর হাটের ইজারা নিয়ে বিরোধ থেকে টিটন হত্যার পরিকল্পনা, হত্যাকারীদের পরিচয়, অস্ত্রের উৎস এবং পলাতক সহযোগীদের অবস্থান, এসব প্রশ্নের উত্তর মিললে হত্যাকাণ্ডের নেপথ্যের চিত্র স্পষ্ট হতে পারে।

আসলামের বিরুদ্ধে প্রথম হত্যা মামলা হয়েছিল আশির দশকে। রাজাবাজারে নাজনীন স্কুলের ভেতর দিনদুপুরে শাকিল নামের এক কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় ওই মামলা হয়। শোনা যায়, প্রেমিকাকে উত্ত্যক্ত করার জেরে ঘটেছিল ওই হত্যাকাণ্ড। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন ঢাকার অন্ধকারজগতে অবৈধ কয়েকটি অত্যাধুনিক অস্ত্রের মালিক। সন্ত্রাসী হলেও এলাকার উঠতি তরুণ-কিশোরদের মাঝে তাঁর বেশ জনপ্রিয়তা ছিল। জানা যায়, তাদের ব্যবহার করতেন অস্ত্র রাখা ও বহনের কাজে। রাজাবাজার ও পাশের এলাকার দুই ব্যক্তি এই প্রতিবেদককে বলেন, নব্বইয়ের দশকে তাঁরা মাধ্যমিকে পড়তেন। কিশোর বয়সের দোষে আসলামের ‘হিরোইজ’ তাঁদের ভালো লাগত। তাই তাঁর কথা শুনে অস্ত্র নিজেদের বাসায় রাখতেন এবং তাঁর নির্দেশ অনুযায়ী বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। পরে বুঝেছেন, তখন অন্যায় করেছেন, ভুল করেছেন।

এ রকম আরও তিনজনের সঙ্গে কথা হয়। সবাই জানান, ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকাভুক্ত আসলাম কোথাও যাওয়ার আগে সেখানে লোক পাঠাতেন। তাদের কাছ থেকে সব ঠিক থাকার সংকেত পেলেই শুধু যেতেন। এরপরও কখনো কখনো প্রতিপক্ষ গ্রুপ বা পুলিশের কবলে পড়তে হয়েছে। গুলি করতে করতে সটকে পড়েছেন।

সুইডেন আসলামের বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে। যার ৯টিই হত্যা মামলা। একটি বাদে সব মামলায়ই খালাস পেয়েছেন তিনি। তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিবকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলাটি বিচারাধীন। এই মামলায় খালাস পেলে তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা থাকবে না। অভিযোগ রয়েছে, কারাগারে থাকলেও থেমে নেই তাঁর সন্ত্রাসী কর্মকাণ্ড। জেলে বসে মুঠোফোনে নিয়ন্ত্রণ করছেন তাঁর অপরাধ সাম্রাজ্য।

আসলামের প্রথম স্ত্রী ছিলেন ইতি। তিনি সুইডেনপ্রবাসী ছিলেন। বিয়ের পর আসলামও সুইডেন গিয়ে কয়েক বছর ছিলেন। সেই সূত্রে তাঁর নামের আগে জুড়ে যায় সুইডেন শব্দটি। একসময় ইতির সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়। জানা যায়, ইতি পরে আত্মহত্যা করেন।

ইতির সঙ্গে তাঁর সংসার টেকেনি। বিচ্ছেদের পর ইতি দেশে ফিরে আবদুল্লাহ আল হাসান মামুন নামের এক সন্ত্রাসীকে বিয়ে করেন। ১৯৯৫ সালে পুরান ঢাকায় মামুনসহ তিনজন খুন হন। ওই মামলার অভিযোগপত্রে আসলামের নাম ছিল। সে সময় সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, ইতির সঙ্গে মামুনের প্রেম ও বিয়ে মেনে নিতে না পেরে তাঁকে খুন করেন আসলাম। পরে নিজের চাচাতো বোন সিমিকে বিয়ে করেন তিনি। সিমি নিজের ভাই-বোনদের সঙ্গে থাকেন।

আসলামের বিরুদ্ধে মোট কতটি মামলা হয়েছিল, কতটিতে তিনি খালাস পেয়েছেন, আর কতটি বিচারাধীন, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁর মুক্তির সময় বাসসের খবরে ৯টি হত্যা মামলাসহ ২২টি মামলার কথা বলা হয়। এর আগে ২০১৫ সালে প্রথম আলোর প্রতিবেদনে ঢাকা মহানগর পুলিশের কারা প্রশাসনের মহাপরিদর্শককে দেওয়া এক চিঠির বরাত দিয়ে বলা হয়েছিল, ১২টি মামলার মধ্যে ১১টিতে খালাস পেয়েছেন আসলাম। একটি মামলা বিচারাধীন ছিল।

সর্বশেষ মামলাটি ছিল তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যা। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন। এ ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। এই মামলাতেই তাঁর জামিন হয়নি। দীর্ঘদিন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। বন্দী থাকা অবস্থায় অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে। ২০১৪ সালের মার্চে কারা অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন উদ্ধার করে। একটি গোয়েন্দা সংস্থা ওই ফোনে আড়ি পেতে গুরুত্বপূর্ণ তথ্য পায়। কলের তালিকাসহ গোপন প্রতিবেদন পাঠানো হয় ঢাকা মহানগর পুলিশকে। তাতে পূর্ব রাজাবাজারের কয়েকজন সন্ত্রাসী তাঁর হয়ে কাজ করতেন বলে উল্লেখ করা হয়।

গালিব হত্যা মামলায় দীর্ঘদিন সাক্ষ্য গ্রহণেও অগ্রগতি ছিল না। ২০১৫ সালের ৮ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালের ১৫ অক্টোবর গালিবের স্ত্রী শম্পা এবং ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর চুন্নু মিয়া সাক্ষ্য দেন। এরপর টানা ৯ বছর রাষ্ট্রপক্ষ আর কোনো সাক্ষী হাজির করতে পারেনি। ২০২৪ সালে আসলাম জামিনে বের হওয়ার সময় ২৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। ওই বছরের ৩ সেপ্টেম্বর জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছায়। যাচাই শেষে রাত নয়টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। তখন তাঁর বয়স ছিল ৬২ বছর।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *