✍︎ নাগরিক নিউজ ডেস্ক ✍︎
মধ্যস্থতাকারীদের অনুরোধের পর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কাতারের সঙ্গে আলোচনায় বসেছে ইরান।
তবে প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রত্যাহারসহ একাধিক শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে তেহরান।ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই এ তথ্য জানিয়েছেন।
মোহসেন রেজাই বলেন, এসব শর্ত পূরণে যুক্তরাষ্ট্রকে আগে বাস্তব পদক্ষেপ নিতে হবে।এরপরই হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে তেহরান।
তার বক্তব্য অনুযায়ী, ইরানের অন্যতম প্রধান দাবি হলো মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান।পাশাপাশি ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ এবং তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ও আলোচনায় রয়েছে।
হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে আলোচনার অংশ হিসেবে বৃহস্পতিবার তেহরান সফর করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি।ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি আঞ্চলিক উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এদিকে হরমুজ প্রণালি ঘিরে ইরান ও ওমানের মধ্যেও সমঝোতার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে দুই দেশ বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য একটি করিডর তৈরিতে সম্মত হয়েছে বলে জানা গেছে।
তবে ইরান-ওমানের এই উদ্যোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ভিন্ন। মার্কিন প্রশাসনের এক সূত্র আলজাজিরাকে জানিয়েছে, ইরান-ওমানের চুক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই।
ওই সূত্রের দাবি, হরমুজ প্রণালি খোলা রয়েছে এবং সেখানে থাকা মাইন সরিয়ে ফেলা হয়েছে। তবে ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা নির্ধারিত নেই। একই সঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও বহাল রয়েছে।
ফলে মধ্যস্থতাকারীদের তৎপরতা এবং কাতারের প্রধানমন্ত্রীর তেহরান সফরের মধ্যেও হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থানের পার্থক্য এখনো স্পষ্ট। প্রণালি পুরোপুরি স্বাভাবিকভাবে খুলবে কি না, তা নির্ভর করছে আলোচনায় ইরানের শর্তগুলো নিয়ে কোনো সমঝোতা হয় কি না তার ওপর।
