✍︎ শাহরিয়ার হক মজুমদার শিমুল ✍︎
জামায়াত শিবির আর তাদের বি টিম লীগের রেখে যাওয়া ন্যারেটিভগুলা খুব ভালভাবেই উত্তরাধিকার সূত্রে আত্মস্থ করেছে। নানা সময়ে সেগুলোর অবিকল প্রয়োগ আমরা দেখি তাদের দিক থেকে। কখনও খাম্বা, কখনও দুর্নীতিতে চ্যাম্পিয়ন, কখনও বিএনপির জন্ম ক্যান্টনমেন্ট থেকে ইত্যাদি ইত্যাদি।
আমি বহুবার বলেছি, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার প্রতি এরা যে আদিখ্যেতা দেখায়, এটা খুবই মেকি। এই দুজনাকেও এরা ছাড়বেনা। এই আদিখ্যতা সাময়িক। গতকাল এর প্রদর্শনী তারা কিছুটা দেখিয়েছে। ৭ নভেম্বরে অতীতে লীগাররা কর্নেল তাহেরকে চাটতো, কাল এরাও দেখলাম এদের নতুন বাপ বানিয়েছে তাহেরকে।
লীগের ভাষাতেই মোটা দাগে কাল অনলাইনে এদের ন্যারেটিভ ছিল দুইটা। ১. কর্নেল তাহের জিয়াউর রহমানকে মুক্ত করেছেন। ২. তারপর জিয়া তাহেরের সাথে বেঈমানি করে ফাঁসি দিয়েছেন। এই প্রসঙ্গে একটু আলাপ করি।
৭ নভেম্বরের বিপ্লবে অংশগ্রহণকারী প্রধান ইউনিটগুলো ছিল- টু ফিল্ড আর্টিলারি, ১ম বেঙ্গল ল্যান্সার, ৩৮ লাইট এ্যাক এ্যাক্টিভ, রেজিমেন্ট, টু ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, সিগন্যাল ব্যাটালিয়ন, সাপ্লাই ব্যাটালিয়ন, সেন্ট্রাল অর্ডিন্যান্স ডিপো, বেইজ, ওয়ার্কশপ ইউনিট, এম পি ইউনিট, মেডিকেল ব্যাটালিয়ন, সিএমএইচ বেইজ সাপ্লাই ডিপো, আর্মি হেডকোয়ার্টার ব্যাটালিয়ন, স্ট্যাটিকস সিগন্যাল ইউনিট, স্টেশন হেডকোয়ার্টার এবং লগ এরিয়ার আরও কিছু ইউনিট।
এর মধ্যে শুধু সিগন্যাল, অর্ডন্যান্স আর সার্ভিস কোরের কিছু সেনা ছিল তাহেরের অনুগত। যেই শক্তি দিয়ে অভ্যুত্থান বা রাষ্ট্র ক্ষমতা দখল তো দূরের কথা, সেনাবাহিনীর কোন ইউনিটে অবস্থান করাও ছিল অসম্ভব। সেটা তাহের পারেওনাই। জিয়াউর রহমানকে উদ্ধারে সামনে ছিল টু ফিল্ড রেজিমেন্ট। এরা তাহেরের অনুগত না। তাহলে তাহের বা তার বিপ্লবী সৈনিক সংস্থা কিভাবে জিয়াকে উদ্ধার করলো?
এই বিষয়ে মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সৈনিক জীবন গৌরবের একাত্তর রক্তাক্ত পঁচাত্তর বইয়ের ২২৮ ও ২২৯ পৃষ্ঠায় বলেছেন- ‘‘জাসদ একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, বহু তরুণ, ছাত্র, যুবক এ দলের নিষ্ঠাবান কর্মী। তাদের নিজস্ব সংবাদপত্র এবং অনুগত সাংবাদিকেরা জনগণকে ধারণা দেয় যে বিপ্লবী সৈনিক সংস্থা অত্যন্ত শক্তিশালী সংগঠন এবং তারাই খালেদ মোশাররফকে হত্যা করে এবং জিয়াকে মুক্ত করে। তারা কর্নেল তাহেরকে একজন দুর্ধর্ষ সেনানায়ক হিসেবে চিত্রিত করার প্রয়াস নেয়। কিন্তু তাহের তিন বছর আগে অবসর গ্রহণকারী শারীরিকভাবে প্রতিবন্ধী এবং সেনাবাহিনীর মূল ভিত্তি পদাতিক বাহিনী ও ট্যাংক রেজিমেন্টের কাছে তুলনামূলকভাবে অপরিচিত একজন কর্মকর্তা ছিলেন। সিগন্যাল, অর্ডন্যান্স, সার্ভিস কোর এবং কয়েকজন বিমানসেনা মিলে অভ্যুত্থান করে রাষ্ট্রক্ষমতা দখল করবেন, এটি একেবারেই অকল্পনীয়। এ রোমান্টিক বিপ্লবীরা সেনাপ্রধান জিয়াউর রহমানকে ব্যবহার করেই রাষ্ট্রক্ষমতা দখল করতে চেয়েছিলেন। বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে সেনা চেইন অব কমান্ডের নিয়ন্ত্রণকারী জেনারেল জিয়া তাহের কিংবা তাহেরকে পাত্তাই দেননি। বালুচ রেজিমেন্টের সাবেক অফিসার দুর্বল তাহেরের পক্ষে সেনানিবাসের কোনো ইউনিটে অবস্থান করাই সম্ভব হয়নি, রাষ্ট্রক্ষমতা দখল করা তো দূরের কথা।”
এরপর আসি তাহেরের অপরাধ প্রসঙ্গে। এই লীগ, জাশি আর তাদের নানান দোকানেরা তাহেরকে নিষ্কলুষ দাবি করলেও স্বয়ং জাসদের প্রকাশনা সাম্যবাদের ষষ্ঠ খন্ডে তাহের গংয়ের অপরাধকে অনেকটাই কবুল করে নেয়া হয়েছিল। এখানে বলা হয়েছিল- ‘‘প্রসঙ্গত উল্লেখ থাকা প্রয়োজন, সর্বপ্রকার সন্ত্রাসবাদী ঝোঁক ও বেধড়ক খতম অভিযানের প্রবণতা চূড়ান্ত বিচারে অমার্ক্সবাদী ও বিপ্লবের পক্ষে ক্ষতিকর বিধায় আমাদের এরূপ ঝোঁক ও প্রবণতা থেকে সর্বদাই মুক্ত থাকতে হবে। মনে রাখতে হবে, চাপিয়ে দেওয়া হামলাকে মোকাবেলা করা এক কথা, কিন্তু খতম অভিযান, সন্ত্রাসবাদী কার্যকলাপ, উগ্রতা ও অসহিষ্ণুতা ইত্যাদির মাধ্যমে মোকাবিলাকে ডেকে নিয়ে আসা ভিন্ন কথা। বিশ্বের দেশে দেশে সন্ত্রাসবাদীরা, নিহিলিস্ট-নারদনিকেরা চরমতম মূল্যের বিনিময়ে যে উদাহরণ সৃষ্টি করেছে- আমরা কোনক্রমেই তার পুনরাবৃত্তি ঘটাতে পারি না।”
৭ নভেম্বর রাত থেকে ক্যান্টনমেন্টের পরিস্থিতি কতোটা ভয়াবহ ছিল, এই নাদানগুলা কি এসব বিষয়ে জানে আদৌ? কতোজন অফিসারকে সেদিন তাহেরের বিপ্লবী সৈনিক সংস্থা হত্যা করে? তো সেনাবাহিনীতে রক্ত ঝরানো, ভ্রাতৃঘাতী সংঘাত আর গৃহযুদ্ধের পথে ঠেলে দেয়ার দায় কি তাহেরের নিতে হবেনা?
কেমন ছিল এই ভ্রাতৃঘাতী অফিসার খতম অভিযান? তাদের নারকীয় হত্যাযজ্ঞের বিবরণ উঠে এসেছে লে. কর্নেল (অব.) এম. এ. হামিদের তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা বইয়ের ১৭৯ ও ১৮২ নং পৃষ্ঠায়- ‘‘৭ নভেম্বর ক্যান্টনমেন্টে সকালবেলা যে পরিবেশ বিদ্যমান ছিল, বিকেলে তা সম্পূর্ণ ভিন্ন আকার ধারণ করল। অফিসাররা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। তারা ধীরে ধীরে সরে পড়তে লাগল। মনে হলো যেকোন মুহুর্তে তাহেরের জিয়া-উৎখাত প্লান শুরু হয়ে যেতে পারে। …৭/৮ নভেম্বরের ওই বিভীষিকাময় রাতে গভীর অন্ধকারে উন্মাদ সৈনিকরা অফিসারদের রক্ত নেশায় পাগল হয়ে উঠল। ঘটে গেল বেশ কয়েকটি হত্যাকাণ্ড। বহু বাসায় হামলা হলো। অনেকে বাসায় ছিলেন না। অনেকে পালিয়ে বাঁচল। সৈনিকরা মেজর করিম, মিসেস মুজিব, মিসেস ওসমানকে গুলি করে হত্যা করল, মেজর আজিম ও মুজিব চট্রগ্রামে যাচ্ছিলেন। বিপ্লবী সৈনিকরা তাদের এয়ারপোর্টে পাকড়াও করে। আজিমকে গুলি করে হত্যা করে। মেজর মুজিব প্রাণ নিয়ে পালাতে সক্ষম হয়। অর্ডিন্যান্স অফিসার মেসে সৈনিকরা হামলা করে তিনজন তরুণ অফিসারকে গুলি করে হত্যা করে। এদের মধ্যে ছিলেন মেজর মহিউদ্দিন যিনি শেখ সাহেবের লাশ টুঙ্গিপাড়ায় নিয়ে দাফন করেন।
সৈনিকরা বনানীতে কর্নেল ওসমানের বাসায় আক্রমণ করে। হকি খেলতে এসেছিল দুজন তরুণ লেফটেন্যান্ট। তাদের স্টেডিয়ামের পাশে গুলি করে হত্যা করা হয়। অর্ডিন্যান্স স্টেটে দশজন অফিসারকে এক লাইনে দাঁড় করানো হয় মারার জন্য। প্রথমজন এক তরুণ ই.এম.ই ক্যাপ্টেন। তার পেটে গুলি করা হয়। সঙ্গে সঙ্গে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। বাকিরা অনুনয়-বিনয় করলে তাদের ছেড়ে দেওয়া হয়। বেঁচে গেল তারা অপ্রত্যাশিতভাবে। একজন টেলিভিশনের অফিসার মুনিরুজ্জামান। বঙ্গভবনে খালেদের সময়ে খুবই এ্যাকটিভ ছিলেন। তাকে ধরে গুলি করা হয়। তিনদিন পর তার লাশ পাওয়া যায় মতিঝিল কলোনীর ডোবায়।”
তাহেরের পরিকল্পনার ভয়াবহতা সম্পর্কে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তাঁর ‘বাংলাদেশঃ রক্তাক্ত অধ্যায় ১৯৭৫-৮১’ বইয়ের ১২৭ পৃষ্ঠায় লিখেছেন, পরিকল্পনাটি কার্যকর হলে জিয়াউর রহমানকে হত্যা করে সেনাবাহিনীর কমান্ড কাঠামো ভেঙে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের চেষ্টা করা হতো। এরপর একই ধরনের আঘাত আসত বেসামরিক আমলাতন্ত্রের ওপর, যার পরিণতিতে দেশ ভয়াবহ বিশৃঙ্খলা এবং সার্বভৌমত্বের সংকটে পড়তে পারত।
অন্যদিকে, বিচার প্রসঙ্গে আমীন আহমেদ চৌধুরী বীর বিক্রম তাঁর ‘১৯৭১ ও আমার সামরিক জীবন’ বইয়ের ১৭৪ পৃষ্ঠায় বলেছেন- ‘‘সেনাবাহিনীতে ডিসিপ্লিন ভঙ্গ করে যখনই কেউ কাজ করবে, ডিসিপ্লিন ভঙ্গের যে ধারাগুলো আছে সেটা তার ওপর বর্তাবে। সুতরাং বিচারে তাঁর মৃত্যদন্ড হতে পারে। কেউ তাঁকে জোর করে মৃত্যদন্ড দিচ্ছে না। শৃঙ্খলা ভঙ্গের কারণেই বিচার। সেটা সংক্ষিপ্ত আকারেও সেনাবাহিনী করতে পারে। কোর্ট মার্শাল যেটা হয়, সেটা বৈধ এবং আইনগতভাবে এটার বৈধতা আছে।”
তাহেরের এসব নৃশংসতার বিচার মৃত্যুদন্ড ব্যতীত আর কী হতে পারে?
তারপরেও জিয়াউর রহমান জাসদ নেতৃবৃন্দ ও কর্ণেল তাহেরের পরিবারের প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণও করেন। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর তাহেরের পরিবারের জন্য ঢাকার লালমাটিয়ায় একটা আবাসিক প্লট বরাদ্দ করেন। তাহেরের পরিবার সেটা গ্রহণ করেছিলেন। তাহেরের স্ত্রী ও তাহেরের বড়ভাইয়ের স্ত্রীকে জিয়ার আদেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি দেয়া হয়েছিল। তারা সেটাও গ্রহণ করেছিলেন। জিয়া তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা জাসদের নেতাদের সবাইকে একে একে ছেড়ে দেন। অস্ত্র আইনে যাদের বিরুদ্ধে মামলা ছিল, তাদের অনেকেই সাধারণ ক্ষমা পেয়ে ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশও নেন এবং জয়ী হন- পুনর্বাসিত হয়ে যান। তাহেরের অনুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং জাসদ-গণবাহিনীর ঢাকা নগরের কমান্ডার আনোয়ার হোসেনের ১০বছরের সাজা হয়েছিল। তিনিও সাজার মেয়াদ অর্ধেক ভোগ করে ছাড়া পান। জিয়াউর রহমান আনোয়ারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি ফিরিয়ে দেন। তিনি বিশ্ববিদ্যালয়ে ঢুকেই শিক্ষক রাজনীতিতে আওয়ামী বিরোধী ‘গোলাপি’ দলে যোগ দেন। পরে জিয়াপন্থীরা ‘গোলাপি’ দল ভেঙে ‘সাদা’ দল বানালে আনোয়ার সাদা দলে যোগ দেন এবং ওই দলের সমর্থনে সিন্ডিকেট নির্বাচনে অংশ নেন। ১৯৯৬সালে তিনি সুযোগমতো আওয়ামীপন্থী নীল দলে নিজেকে সমর্পণ করেন। তাহেরের বড়ভাই সার্জেন্ট (অবঃ) আবু ইউসুফ সামরিক আদালতে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হয়েছিলেন। চার বছর না পেরোতেই জিয়ার কৃপায় আবু ইউসুফ মুক্তি পান। ৭ই নভেম্বর, ১৯৭৫ সালের বিপ্লবের পর জলিল-তাহেরদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে যে সাজা দেয়া হয়েছিল, তাদের কাউকেই বেশিদিন জেলে থাকতে হয়নি। জাসদের সাধারণ সম্পাদক আ স ম আবদুর রবের ১০ বছরের সাজা হয়েছিল। তাকে প্যারোলে মুক্তি দিয়ে জিয়া পশ্চিম জার্মানিতে চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন। সরকারি খরচেই জার্মানিতে রবের চিকিৎসার ব্যবস্থা হয়েছিল।
জিয়াউর রহমান ততটুকুই কঠোর হয়েছিলেন, যতটুকু প্রয়োজন ছিল।
লেখক: ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক
