কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

✍︎ কক্সবাজার প্রতিনিধি ✍︎

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন সাগরে তলিয়ে গেছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, কয়েকজন পর্যটক হিমছড়ি সৈকতে গোসলে নামেন। এ সময় ঢেউয়ের তীব্রতায় কয়েকজন ভেসে যান। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও দুজন নিখোঁজ রয়েছেন বলে জানতে পেরেছি।

নিহত তিন পর্যটক হলেন-ঢাকা উত্তরার দিয়াবাড়ির মো. বোরহান (২৩), সাইফুল ইসলাম (২৩) ও নাফিসুল হক (২২)। তিনজনের মরদেহ রাতে হিমছড়ি থেকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক। তিনি বলেন, নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান চলছে।

বেসরকারি লাইফগার্ড প্রতিষ্ঠান সি-সেফ-এর আঞ্চলিক পরিচালক ইমতিয়াজ আহমেদ বলেন, ঢাকা থেকে বেড়াতে আসা ১২ জনের দলটি আজ বিকেল চারটার দিকে শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে যায়। তাঁদের মধ্যে পাঁচজন সাগরে গোসল করতে নামেন। ঢেউয়ের ধাক্কায় তাঁরা পানিতে তলিয়ে গেলে লাইফগার্ড ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। তিনজনকে উদ্ধার করা হলেও তাঁদের মৃত্যু হয়।

ইমতিয়াজ আহমেদ বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় গোসলে নেমে কেউ নিখোঁজ হলে উদ্ধারের জন্য সি-সেফের ২৭ জন লাইফগার্ডকর্মী রয়েছেন। কিন্তু কলাতলী থেকে দক্ষিণে দরিয়ানগর, হিমছড়ি, পাটুয়ারটেক, ইনানী হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তীর্ণ সৈকতে উদ্ধার তৎপরতা চালানোর মতো পর্যাপ্ত কর্মী নেই।

ইমতিয়াজ আহমেদ আরও বলেন, কক্সবাজারে এখন তিন লাখের বেশি পর্যটকের সমাগম ঘটেছে। বিকেলে লাবণী পয়েন্টে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে প্রতিমা বিসর্জন উৎসব অনুষ্ঠিত হয়েছে। সৈকতের বিভিন্ন পয়েন্টে মানুষের ভিড় দেখে অনেকে গোসল করতে দরিয়ানগর ও হিমছড়ি সৈকতের দিকে ছুটছেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

সৈকতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, নিহতদের সঙ্গীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

পুলিশ জানায়, বিকালে কয়েকজন পর্যটক সমুদ্রে গোসল করতে নামলে সাগরের প্রবল স্রোতে ভেসে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। অন্যজনকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *