✍︎ নাগরিক নিউজ ডেস্ক ✍︎
বাংলাদেশ, ভারতসহ ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। উৎপাদন ও শিল্প খাতে অতিরিক্ত সক্ষমতা এবং অতিরিক্ত উৎপাদনের অভিযোগে ‘সেকশন ৩০১’ আইনের আওতায় তদন্তের পর এসব শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই শুল্ক প্রস্তাবে বাংলাদেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্কের সীমা নির্ধারণের কথা বলা হয়েছে। তবে বিদ্যমান বাণিজ্য চুক্তি ও আগের শুল্ক কাঠামোর কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যে প্রকৃত শুল্কের বোঝা ঠিক কতটা বাড়বে, সেটি এখনও পরিষ্কার নয়।
এই তদন্তের আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে- চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।
তবে সব দেশের ওপর একই হারে শুল্ক আরোপ করা হবে না। দেশ ও পণ্যভেদে শুল্কের হার ভিন্ন হবে।
ঘোষণা অনুযায়ী, চীনের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। এরপর রয়েছে ভিয়েতনাম, দেশটির ওপর শুল্কের হার সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত হতে পারে। অন্য দেশগুলোর ক্ষেত্রে শুল্কের হার ২০ বা ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
তবে কয়েকটি দেশের ক্ষেত্রে কার্যকর শুল্কের হার আরও কম হতে পারে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে কিছু দেশের সঙ্গে বাণিজ্য আলোচনায় শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণে সম্মত হয়েছিলেন। ফলে নতুন ঘোষণার শুল্কের সঙ্গে আগের চুক্তিতে নির্ধারিত সীমার সমন্বয় হবে।
ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেন, সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলগুলো তাদের অভ্যন্তরীণ চাহিদা এবং বাজারের মৌলিক নীতি বা বাস্তবতার বাইরে গিয়ে মাত্রাতিরিক্ত পণ্য উৎপাদন ও কারখানা সক্ষমতা বৃদ্ধিকে উৎসাহিত করছিল—এমন অভিযোগেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ হয়। গত জুলাই মাসে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগ এনে বাংলাদেশি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এর ফলে এখন মোট শুল্ক ২৫ শতাংশ। ট্রাম্প প্রশাসন নতুন করে শুল্ক বসালে তা যুক্ত হবে।
আজকের ঘোষণা অনুযায়ী, চীনের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ, ভিয়েতনাম ওপর শুল্কের হার সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত হতে পারে। বাংলাদেশসহ অন্য দেশগুলোর ক্ষেত্রে শুল্কের হার ২০ বা ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
যেসব দেশ শুল্কের আওতায়
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’-এর আওতায় ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চার আট মাসব্যাপী তদন্ত শেষে এই শুল্ক আরোপের ঘোষণা এল।
তদন্তের আওতায় থাকা ১৬টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৪টির ওপর শুল্ক প্রস্তাব করা হয়েছে। দেশগুলো হলো, বাংলাদেশ, চীন, ভারত, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। তদন্তের তালিকায় থাকলেও আপাতত মেক্সিকো ও নরওয়ের পণ্যে কোনো নতুন শুল্ক প্রস্তাব করা হয়নি।
বাংলাদেশের জন্য হার ও শর্ত
মার্কিন ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তি ও ইউএসটিআরের তথ্য বলছে, নতুন এই প্রস্তাবে ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও থাইল্যান্ডের পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব করা হয়েছে। ভিয়েতনামের ক্ষেত্রে এই হার সর্বোচ্চ ৩৫ শতাংশ (চুক্তি হলে ২০ শতাংশ) এবং চীনের পণ্যে অতিরিক্ত ২০ শতাংশ (আগের শুল্কসহ মোট ৪০ শতাংশ পর্যন্ত) ধরা হয়েছে।
তবে ইউএসটিআর বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য সমঝোতা অনুযায়ী বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের ক্ষেত্রে শুল্কের সর্বোচ্চ সীমা ১৮ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে। আর ইইউ, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের জন্য সর্বোচ্চ ১৫ শতাংশ এবং সিঙ্গাপুরের জন্য ১০ শতাংশ শুল্ক প্রস্তাব করা হয়েছে।
আগের শুল্কের সঙ্গে যুক্ত হবে না
মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন, নতুন প্রস্তাবিত এই শুল্ক আগে থেকে কার্যকর থাকা কিছু শুল্কের ওপর অতিরিক্ত হিসেবে যুক্ত হবে না। বিশেষ করে জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগে শিথিলতার অভিযোগে গত জুলাই মাসে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদারের ওপর যে ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল; তার ওপর নতুন এই শুল্ক বসবে না।
এক্ষেত্রে দুটি শুল্ক হারের মধ্যে যেটি বেশি, আমদানিকারকদের সেটিই পরিশোধ করতে হবে। এ ছাড়া ইস্পাত, অ্যালুমিনিয়াম বা গাড়ির ওপর সেকশন ২৩২-এর আওতায় আরোপিত শুল্কের সঙ্গেও এটি যুক্ত হবে না।
গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের আগের বৈশ্বিক ‘লিবারেশন ডে’ পাল্টা শুল্ক বাতিল করে দেওয়ার পর গত ২৪ জুলাই থেকে বাংলাদেশি পণ্যে সেকশন ৩০১-এর আওতায় ১০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। এর সঙ্গে নিয়মিত ‘মোস্ট ফেভারড নেশন’ (এমএফএন) শুল্ক মিলিয়ে বর্তমানে অনেক বাংলাদেশি তৈরি পোশাকের ওপর ২৫ শতাংশের বেশি শুল্ক দিতে হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বক্তব্য
ওয়াশিংটন বলেছে, শুল্কের আওতায় আসা দেশগুলো শিল্পনীতি, ভর্তুকি এবং অ-বাজার অর্থনীতির দেশ (চীন) থেকে আমদানি করা যন্ত্রাংশ ও কাঁচামাল ব্যবহারের মাধ্যমে বাজার চাহিদার বাস্তবতা উপেক্ষা করে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি করছে। এটি মার্কিন বাণিজ্য ও শিল্পের জন্য ক্ষতিকর। দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চীনা বিনিয়োগের মাধ্যমে পণ্য উৎপাদন করে মার্কিন বাজারে প্রবেশের পথ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মার্কিন কর্মকর্তারা বলেছে, প্রস্তাবিত এই শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। ফেডারেল রেজিস্টারে বিজ্ঞপ্তি প্রকাশের পর এ বিষয়ে গণশুনানি ও জনমত গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। ফলে আগামী বছরের জানুয়ারির আগে নতুন এই শুল্ক কার্যকর হওয়ার সম্ভাবনা কম।
তৈরি পোশাকের ওপর প্রভাব
যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান রপ্তানি বাজার। নতুন শুল্ক আরোপ হলে মার্কিন আমদানিকারকদের পণ্য কেনার ব্যয় বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশি পোশাকের ক্রয়াদেশ, মূল্য নির্ধারণ ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতার ওপর।
তবে বাংলাদেশের পণ্যে ঠিক কত শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে, তা এখনো নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্যচুক্তি বা কোনো বিশেষ সুবিধা নতুন শুল্কের ক্ষেত্রে কীভাবে বিবেচিত হবে, সে বিষয়েও চূড়ান্ত ঘোষণা আসেনি।
নতুন শুল্কের সম্ভাবনা এমন এক সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতির প্রভাব নিয়ে দেশটির ভেতরেও বিতর্ক চলছে। আমদানি শুল্কের কারণে ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়াকে ভোটারদের অসন্তোষের অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে কংগ্রেসে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও প্রেসিডেন্টের ভেটো ক্ষমতার কারণে শুল্কনীতি পরিবর্তনের সুযোগ সীমিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
