✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগে এ রিট করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন রিটটি করেন। তার পক্ষে আইনজীবী রিটের বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ নিতে আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকে ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ মাহবুবের রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।
