✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
দেশের সরকারি অফিসগুলোতে শূন্য পদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বর্তমানে সরকারি বিভিন্ন দফতরে অনুমোদিত পদের বিপরীতে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ খালি রয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
সংসদে উত্থাপিত তথ্যে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, ২০২৫ সাল পর্যন্ত সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, সরকারি অফিসগুলোতে মোট অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে বর্তমানে শূন্য রয়েছে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে সরকারি চাকরিতে বর্তমানে (৩০ জুন ২০২৬) ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা/কর্মচারী কর্মরত রয়েছেন।
প্রতিমন্ত্রীর উপস্থাপিত তথ্য অনুযায়ী, সচিব/সিনিয়র সচিবের ৬৯টি পদের বিপরীতে ৬৭ জন, অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে ৩৭৮, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬ পদের বিপরীতে ৮৯৩ জন এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি পদের বিপরীতে ২ হাজার ৯৪০ জন কর্মরত রয়েছেন। এ ক্ষেত্রে ৩ হাজার ৭৯৮ পদের বিপরীতে ২ হাজার ৯৪০ জন কর্মরত আছেন।
প্রতিমন্ত্রী আব্দুল বারী যে তথ্য উপস্থাপন করেন, সে অনুযায়ী বিসিএসে নিয়োগে সুপারিশের সময় ক্রমান্বয়ে কমে আসছে। এর মধ্যে ৪৭তম বিসিএসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ১ বছর ৭ মাসের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের ২ বছর ২ মাস ৯ দিনের মধ্যে চূড়ান্ত ফল, ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের ২ বছর ১১ মাস ২৭ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়, ৪৪তম বিসিএসে নিয়োগ বিজ্ঞপ্তির ৩ বছর ৭ মাসের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ৫০তম বিসিএসে বিজ্ঞপ্তির এক বছরের মধ্যে ফল প্রকাশ করার পরিকল্পনা সরকারের রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘চাকরির ক্ষেত্রে পদোন্নতি হলো চলমান প্রক্রিয়া। বিভিন্ন ক্যাডারে দক্ষ এবং যোগ্য কর্মকর্তাদের সার্বিক দিক বিবেচনায় যথাসময়ে পদোন্নতি দেওয়া হয়ে থাকে। ২০২৫ সাল পর্যন্ত সরকারি জনবল-সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি চাকরিতে বর্তমানে নারী কর্মকর্তা/কর্মচারীর হার ২৯ শতাংশ।’
নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালীর প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, জনপ্রশাসনে নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে রাজনৈতিক বা অন্যায্য প্রভাবমুক্ত রেখে মেধা, সততা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে ব্যবহারের নীতি বাস্তবায়িত হচ্ছে।
কুড়িগ্রাম-১ আসনের আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, বর্তমানে সারা দেশে বিভিন্ন ক্যাডারে ৮ হাজার ৯৯টি পদ শূন্য রয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও জানান, কর্মপরিকল্পনা অনুযায়ী ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা, শূন্য পদের তথ্য এবং নিয়োগের চাহিদাপত্র (রিকুইজিশন) পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে।
পাশাপাশি, দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং খালি পদগুলো পূরণে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানানো হয়েছে বলেও সংসদকে অবহিত করেন তিনি।
