ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী

✍︎ ঢাবি প্রতিনিধি ✍︎

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ও মলচত্বর-সংলগ্ন গেটের সামনে প্রাইভেট কারের ধাক্কায় পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা সবাই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (৩২তম ব্যাচ) শিক্ষার্থী। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এর ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী সাদমান সাকিব। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের ছেলে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল রতন প্রাং জানিয়েছেন, চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না।

তিনি আরও বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনার শিকার শিক্ষার্থীরা থানায় মামলা করবে। এখন আইন অনুযায়ী যে শাস্তি হয়, তা নিশ্চিত করা হবে।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, ড্রাইভিং লাইসেন্স না থাকা সাকিব প্রথমবারের মতো গাড়ি চালানো শিখতে বাবার গাড়ি নিয়েই ক্যাম্পাসে প্রদক্ষিণ করছিলেন। এক পর্যায়ে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এলে দ্রুতগতিতে আসা প্রাইভেটকারটি অনুষদের প্রবেশ ফটকে থাকা কয়েকজন শিক্ষার্থীকে সজোরে ধাক্কা দেয়। এতে পাঁচজন শিক্ষার্থী আহত হন।

ঘটনার সময় কয়েকজন শিক্ষার্থী রিকশায় করে যাচ্ছিলেন। অন্য কয়েকজন গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। আহত দুজনের পা কেটে রক্তক্ষরণ হয়েছে। অন্য কয়েকজনও গুরুতর আঘাত পেয়েছেন। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত শিক্ষার্থীরা হলেন- জাহিদুল ইসলাম হৃদয়, কানিজ ফাতেমা, তাসনিয়া বেগম, মিফতাহুল, তাসফিয়া তাবাসসুম এবং সিদরাতুল। তারা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (৩২তম ব্যাচ) শিক্ষার্থী।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আহমেদ ইমতিয়াজ বলেন, ‘সবাই গুরুতর অবস্থায় আছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’।

মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম রহমান বলেন, বিকট শব্দ শুনে রাস্তায় এসে দেখি, গাড়িটি রিকশায় জোরে ধাক্কা দিয়েছে। এতে রিকশায় থাকা শিক্ষার্থীরা ছিটকে পড়ে। কয়েকজন আহত হন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে থাকা দুজনকে মারধর করেন এবং গাড়িটি ভাঙচুর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *