সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

সেনাবাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এ ছাড়া কয়েকজনকে প্রেষণে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে প্রেষণে সরকারি দপ্তরে নিয়োগ দিতে তাঁদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুসারে, ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। পরে তাঁকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট পদে পদায়ন করা হয়েছে। আর বিপসটের বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসেইন মুহাম্মদ মসিহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।

অন্যদিকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমানকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। আর ন্যাশনাল ডিফেন্স কলেজে দায়িত্ব পালন করা মেজর জেনারেল সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। এ ছাড়া মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ব্রিগেডিয়ার জেনারেল আবদুল বাতেন ইমানিকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১১ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদকে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ন্যাশনাল ডিফেন্স কলেজে বদলি করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আবুল বাশার তুহীনকে বিইউপির ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে প্রেষণে নিয়োগ দিতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এই পদে নিয়োজিত লেফটেন্যান্ট কর্নেল মো. হুমায়ুন কবিরকে সেনাবাহিনীতে ফেরাতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া স্কোয়াড্রন লিডার মো. মাসুম ইমতিয়াজকে এনটিএমসির প্রশিক্ষক (সহকারী ইঞ্জিনিয়ার) পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এই পদে নিয়োজিত স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল ইসলাম হৃদয়কে বিমানবাহিনীতে ফেরাতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *