পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎

পুলিশের ৫৬ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এর মধ্যে ৭ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং ৪৯ জন পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর দেওয়া হয়েছে। জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। 

অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপাররা হলেন— র‌্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান, র‌্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, ঢাকার আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান ও সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। 

অন্যদিকে, পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশে কর্মরত এসব কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। এ ক্ষেত্রে কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ বা কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *