রাড্ডায় ভাঙচুর: সাইবার দলের সহসভাপতি গ্রেফতার

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩ অক্টোবর) মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন।

তিনি জানান, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গ্রেফতার সাজ্জাদ হোসেন মিশু মোল্লা শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

গত ২৪ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় স্বাস্থ্যকেন্দ্রটির একটি পাকা ও তিনটি আধাপাকা ভবন ভেঙে দেওয়া হয়। লুট করা হয় ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জামসহ মালামাল।

এ ঘটনায় বিএনপি নেতা হানিফ মিয়াসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে শাহ আলী থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। হামলা ও ভাঙচুরে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *